সর্বত্র চিকিৎসক ও চিকিৎসা সামগ্রীর অভাব
নড়াইল জেলার প্রায় আট লাখ মানুষের চিকিৎসা সেবার জন্য ৩৯ জন চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে আছে মাত্র ১৯জন। ২০টি পদই শুন্য রয়েছে। অভাব রয়েছে পর্যাপ্ত চিকিৎসা সামগ্রীর। সদর হাসপাতাল, দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র এবং স্বাস্থ্য উপকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় জনবল না থাকায় তৃণমূল পর্যায়ে জনগন চিকিৎসা সেবা থেকে অনেকটাই বঞ্চিত হচ্ছে।সদর হাসপাতালে চিকিৎসকের ১০টি পদ শূন্য: চিকিৎসক-সংকটে নড়াইল সদর হাসপাতালে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। বিশেষ করে সার্জারি ও মেডিসিন বিশেষজ্ঞসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ খালি থাকায় চিকিৎসা না পেয়ে রোগীরা ফিরে যাচ্ছেন। এতে গরিব রোগীরা বেশি সমস্যায় পড়ছেন।হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৯৮৪ সালে এ হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। ১৯৯৭ সালে ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা দেওয়া হলেও এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও কার্যক্রম এখনো চালু হয়নি।বহির্বিভাগে প্রতিদিন তিন শ থেকে সাড়ে তিন শ রোগী চিকিৎসা নিতে আসে। আন্তবিভাগে প্রতিদিন ৭০-৮০ জন রোগী থাকেন। কিন্তু প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক না থাকায় তাঁদের যথাযথ সেবা দেওয়া সম্ভব হয় না। কারণ নির্ধারিত ২৪ জন চিকিৎসকের স্থলে আছেন মাত্র ১৪ জন। এর মধ্যে তিনজন বর্তমানে ছুটিতে। বাকি নয়জনকে রোগীদের সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। সার্জারি, মেডিসিন, কার্ডিওলজি, নাক-কান-গলা বিশেষজ্ঞ (ইএনটি), রেডিওলজি, চারজন জরুরি চিকিৎসা কর্মকর্তা ও আবাসিক চিকিৎসকের দুটিসহ ১০টি পদ দীর্ঘদিন ধরে শূন্য। প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগে কয়েক শ রোগীর ভিড়। শয্যাসংখ্যা কম থাকায় অনেক রোগী বারান্দা ও সিঁড়িঘরে অবস্থান করে। নিজস্ব বিদ্যুৎ-ব্যবস্থা (জেনারেটর) থাকলেও বেশির ভাগ সময় তেলের অভাবে তা বন্ধ রাখা হয়। সদর উপজেলার খলিশাখালি গ্রামের গোরাচাঁদ বিশ্বাস জানান, তিনি তাঁর ভাতিজাকে বুকের ব্যথার চিকিৎসা করাতে এখানে এনেছিলেন। কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক না পেয়ে তাঁকে সাধারণ চিকিৎসা নিয়েই ফিরে যেতে হচ্ছে। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সঞ্জীত কুমার সাহা বলেন, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ পদে চিকিৎসক না থাকায় রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন।কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জন চিকিৎসকের মধ্যে আছেন দুজন: নড়াইলের ৫০ শয্যাবিশিষ্ট কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জন চিকিৎসকের মধ্যে আছেন মাত্র দুজন। গাইনি, সার্জারি, চক্ষু, নাক-কান-গলা, দন্তবিশেষজ্ঞসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে চিকিৎসক না থাকায় এখানে রোগীরা যথাযথ চিকিৎসা পান না। বিশেষ করে দুস্থ ও মধ্যবিত্ত শ্রেণীর রোগীরা বেশি দিশেহারা হয়ে পড়েছেন। অর্থের অভাবে তাঁরা কোনো ক্লিনিকে গিয়েও চিকিৎসা নিতে পারছেন না। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ১৯৮৪ সালে হাসপাতালটি ৩১ শয্যায় উন্নীত করা হয়। ১৯৯৭ সালে এটি ৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা দেওয়া হয়। ২০০৮ সালের ডিসেম্বর মাসে ৫০ শয্যার প্রশাসনিক অনুমোদন পায়। বহির্বিভাগে প্রতিদিন গড়ে ২০০-২৫০ রোগী চিকিৎসার জন্য আসেন। অথচ ২০ জন চিকিৎসকের মধ্যে রয়েছেন মাত্র দুজন। এই দুজন চিকিৎসক রোগীদের চিকিৎসাপত্র দেন। চিকিৎসকদের পাশাপাশি এখানে আবাসিক চিকিৎসা কর্মকর্তা, রেডিওলজিস্ট, প্যাথলজিস্টসহ অনেক পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।সরেজমিনে দেখা গেছে, অনেক চিকিৎসকের দরজায় তালা ঝুলছে। লোডশেডিং হলে ঘুটঘুটে অন্ধকারে নিমজ্জিত হয় হাসপাতাল চত্বর। জেনারেটর থাকলেও তেলের অভাবে তা বন্ধ রাখা হয়।কালিয়া উপজেলার বিলবাউচ গ্রামের রোমেছা বেগম জানান, তিনি তাঁর ছেলেকে হাড়ভাঙা ডাক্তারের কাছে নিয়ে এসেছিলেন। ডাক্তার না পেয়ে ফিরে যেতে হচ্ছে। জরুরি বিভাগ থেকে শুধু ব্যান্ডেজ করে দিয়েছে।হাসপাতালে চিকিৎসাধীন সন্তানসম্ভবা গোলেজান বিবি। তাঁর স্বামী রমজান আলী জানান, ‘স্ত্রীকে ডাক্তার দেখাতে পারছি না।’হাসপাতালের চিকিৎসক অরূপ রাহা বলেন, অতি গুরুত্বপূর্ণ পদে চিকিৎসক না থাকায় রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন। দুজন চিকিৎসকের ওপর প্রচণ্ড চাপ পড়ে যাচ্ছে। ২০০৮ সালের ২৩ ডিসেম্বর ৫০ শয্যার প্রশাসনিক অনুমোদন পাওয়া গেলেও কার্যক্ষেত্রে বাস্তবায়ন নেই। চিকিৎসকসহ ১৫৬ জন জনবলের মধ্যে আছেন মাত্র ৯৬ জন।লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসা কর্মকর্তার পদ শূন্য দুই বছর: লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তার পদ দুই বছর ধরে শূন্য। এখানে নয়জন চিকিৎসকের মধ্যে আছেন মাত্র তিনজন। এর মধ্যে একজন প্রেষণে অন্যত্র কাজ করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বর্তমানে ছুটিতে আছেন। এ ছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যানেস্থেসিস্ট, সার্জারি, গাইনি, দাঁতের চিকিৎসকের পদ শূন্য থাকলেও কোনো দিনই তা পূরণ হয়নি। এককথায়, জনবলের অভাবে হাসপাতালে চিকিৎসাসেবা কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে। হাতে গোনা তিনজন চিকিৎসকই নিয়মিত উপজেলার প্রায় তিন লাখ মানুষকে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। দুটি অ্যাম্বুলেন্সের মধ্যে একটি বিকল হয়ে পড়ে আছে দীর্ঘদিন। অন্যটির যায় যায় অবস্থা। হাসপাতালের চলতি দায়িত্বপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা লুত্ফুন্নাহার বলেন, ‘লোকবল না থাকায় অনেক কষ্ট হচ্ছে। এভাবে জীবন চলে না। জানি না কবে শূন্য পদ পূরণ হবে।’পরিবার পরিকল্পনার সেবা মাঠপর্যায়ে ভালো নয়: জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীর পদ ১৪টি। এর মধ্যে উপপরিচালক, সহকারী পরিচালক, মেডিকেল অফিসার, সাট মুদ্রাক্ষরিক, গুদামরক্ষক, অফিস সহকারীসহ সাতটি পদ শূন্য। উপজেলা পর্যায়ে তিনটি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে ২৭১টি পদের মধ্যে ৯২টি শূন্য রয়েছে। মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ছয়টি পদের মধ্যে তিনটি, সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার তিনটি পদের মধ্যে দুটি, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের ১৪টি পদের মধ্যে দুটি, আটটি ফার্মাসিস্ট পদের মধ্যে পাঁচটি, ৪৬টি পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের মধ্যে আটটি, ৩৯টি পরিবার পরিকল্পনা পরিদর্শকের মধ্যে ১১টি, ১৭৫টি পরিবারকল্যাণ সহকারী পদের মধ্যে ২৪টি, নয়টি উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী পদের মধ্যে ছয়টি, ২৬টি নিরাপত্তা প্রহরী পদের মধ্যে ১৯টি এবং ২৮টি আয়া পদের মধ্যে আটটি শূন্য রয়েছে। এ ছাড়া দুটি দাই-নার্সের মধ্যে দুটি পদই শূন্য রয়েছে। পরিবার পরিকল্পনা কাজের জন্য ১১৭টি ওয়ার্ড ও ১৭৫টি ইউনিট রয়েছে। ৬৭৬টি গ্রামে তারা সেবা দিয়ে যাচ্ছে। পরিবার পরিকল্পনা বিভাগে ছয়টি এনজিও কর্মরত রয়েছে। এগুলো হচ্ছে এফপিএবি, আরএইচ স্টেপ (দম্পতি বরাদ্দ নেই), পরিবারকল্যাণ সমিতি, কোয়ালিশন ক্লিনিক লোহাগড়া (দম্পতি বরাদ্দ নেই), জাতীয় তরুণ সংঘ লোহাগড়া ও মেরি স্টোপস। একনজরে n জেলার জনসংখ্যা: প্রায় আট লাখ।n হাসপাতাল: একটি। নড়াইল আধুনিক সদর হাসপাতাল। n উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: তিনটি।n মা ও শিশুকল্যাণ কেন্দ্র: একটি।n ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র : ৩০টি।n উপস্বাস্থ্য কেন্দ্র : সাতটি।n কমিউনিটি ক্লিনিক : ৬৮টি। (প্রস্তাবিত ১২টি)।n মোট চিকিৎসকের পদ : ৩৯টি। কর্মরত আছেন ১৯ জন। শূন্য পদ ২০টি।n মোট সেবক-সেবিকার পদ : ৬৯টি। আছেন ৬৭ জন।n অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর পদ : ৩৭০টি। আছেন ২৭৩ জন।n মোট অভাব : চিকিৎসক ২০ জন ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ১৯৪ জন।