সর্বদলীয় বৈঠক ব্যর্থ, ভারতের পার্লামেন্টে অচলাবস্থা কাটেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিযোগাযোগ খাতে দুর্নীতিকে কেন্দ্র করে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা বিরাজ করছে। সংকট নিরসনে গতকাল সোমবার ডাকা হয় সর্বদলীয় বৈঠক। কিন্তু তা ব্যর্থ হয়। টেলিযোগাযোগ খাতে দুর্নীতির অভিযোগ তদন্তে বিরোধী দল যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবি জানিয়ে আসছে। তবে তা গঠনে রাজি নয় ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) নেতৃত্বাধীন দল কংগ্রেস। এ নিয়ে পার্লামেন্টে গতকাল হইচই ও অচলাবস্থার সৃষ্টি হয়। খবর পিটিআই, এনডিটিভি ও এএফপির।২০০৮ সালে দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে বড় ধরনের দুর্নীতির অভিযোগে এরই মধ্যে পদত্যাগ করেছেন টেলিযোগাযোগমন্ত্রী এ রাজা। দেশটির মহা হিসাবনিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) বিভাগ গত সপ্তাহে জানিয়েছে, যথাযথ প্রক্রিয়ায় ওই লাইসেন্স না দেওয়ায় সরকার ৪০০ কোটি মার্কিন ডলার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। ইচ্ছাকৃত ও অস্বচ্ছ পন্থায় নির্দিষ্ট প্রতিষ্ঠানকে ওই লাইসেন্স দেওয়া হয়।টেলিযোগাযোগ খাতের বিশাল এই দুর্নীতি যৌথ সংসদীয় কমিটির মাধ্যমে তদন্তের দাবি বিরোধী দলের। দুই সপ্তাহ আগে শীতকালীন অধিবেশন শুরুর পর থেকেই এ দাবিতে তারা পার্লামেন্ট অচল করে রেখেছে। এতে বন্ধ হয়ে গেছে পার্লামেন্টের স্বাভাবিক কার্যক্রম। আটকে গেছে অনেক আর্থিক বিল। কিন্তু যৌথ কমিটি গঠন না করার বিষয়ে অনড় কংগ্রেস। তারা বলছে, পৃথক সংস্থার মাধ্যমে এরই মধ্যে অভিযোগের তদন্ত শুরু হয়েছে।এই অচলাবস্থা নিরসনে গতকাল দুপুরে বিভিন্ন দলের নেতাদের নিয়ে একটি বৈঠক আহ্বান করেন লোকসভায় ক্ষমতাসীন দলের নেতা ও অর্থমন্ত্রী প্রণব মুখার্জি। বৈঠকে তিনি প্রস্তাব করেন, বিষয়টি তদন্তে পার্লামেন্টের পাবলিক অ্যাকাউন্টস কমিটিকে (পিএসি) সহযোগিতা করবে বিভিন্ন সংস্থা। কিন্তু এ প্রস্তাব নাকচ করে দেন বিরোধীদলীয় নেতারা।বৈঠক শেষে বিজেপির নেতা সুষমা স্বরাজ বলেন, ‘তদন্তকাজে পিএসির সঙ্গে বিভিন্ন সংস্থাকেও যুক্ত করার প্রস্তাব দিয়েছে সরকার। কিন্তু যৌথ সংসদীয় কমিটি ছাড়া অন্য কিছু আমরা মেনে নেব না।’গত ১৫ নভেম্বরও বিষয়টি নিয়ে বিরোধীদলীয় নেতাদের সঙ্গে বসেছিলেন প্রণব মুখার্জি। কিন্তু তখনো কোনো সমাধান সম্ভব হয়নি। গতকাল সকালে পার্লামেন্টের উভয় কক্ষের অধিবেশন শুরু হয়। কিন্তু বিরোধীদের হট্টগোলের কারণে অল্পক্ষণের মধ্যেই অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়।সরকার বলছে, যৌথ সংসদীয় কমিটির কোনো প্রয়োজন নেই। কেননা, বিষয়টি তদন্ত করছে পিএসি এবং তারা সিএজির প্রতিবেদন পর্যালোচনা করে দেখতে পারবে। আর পিএসির প্রধান বিজেপির নেতা মুরলি মনোহর যোশি। কাজেই পিএসি নিরপেক্ষভাবেই কাজ করতে পারবে।কিন্তু বিজেপি ও বামপন্থীরা বলছে, বিষয়টি অধিকতর গুরুত্বপূর্ণ। তাই শুধু পিএসির মাধ্যমে তদন্তই যথেষ্ট নয়। এ জন্য যৌথ সংসদীয় কমিটি গঠন করা প্রয়োজন। এই কমিটিতে বিরোধীদলীয় সদস্যরাও থাকবেন এবং আমলাসহ যে-কাউকে জিজ্ঞাসাবাদ করার ক্ষমতা থাকবে এই কমিটির।