সর্বদা প্রস্তুত : সিইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, আগামী নির্বাচন কী ধরনের সরকারের অধীনে হবে, তা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়; সংসদ বিষয়টি ঠিক করবে। তবে নির্বাচন কমিশন ৯০ দিনের মধ্যে নির্বাচন করার জন্য প্রস্তুত আছে। সিইসি বলেন, ‘সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। আমরা অলওয়েজ রেডি। নির্বাচনের জন্য সর্বদা প্রস্তুত। আইন মোতাবেক কোনো কোনো নির্বাচন ১৮০ দিনের মধ্যে করতে হয়। অনেক কিছু স্বল্প সময়ে করা যায় না। ছয় মাস বা তারও বেশি সময় লাগে। এসব বিষয় আমরা রেডি করে রাখছি।’ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীসংক্রান্ত উচ্চ আদালতের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর আজ সোমবার সাংবাদিকদের সিইসি এসব কথা বলেন। সংবিধানের বিদ্যমান বিধান অনুযায়ী, সংসদের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে মেয়াদ শেষ হওয়ার আগে সংসদ ভেঙে গেলে ভেঙে যাওয়ার দিন থেকে পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে।সিইসি জানান, নির্বাচন আয়োজনে বেশ কিছু সরঞ্জাম আমদানি করতে হয়, তৈরি রাখতে হয়। সেজন্য অন্তত তিন থেকে ছয় মাস লাগে।সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশনের যতটা ক্ষমতা দরকার, তা সুনির্দিষ্ট করে গণপ্রতিনিধিত্ব আদেশে প্রয়োজনীয় সংশোধনী আনার সুপারিশ করা হবে। এ বিষয়ে গণমাধ্যমে কমিশনের মনোভাব সঠিকভাবে প্রতিফলিত হয়নি বলে সিইসি জানান। তিনি বলেন, সরকারের সব নির্বাহী সংস্থার ওপর কমিশনের ক্ষমতা থাকবে। আলাদাভাবে কয়েকটি মন্ত্রণালয় চাওয়া হলে কমিশনের ক্ষমতা সংক্ষিপ্ত হয়ে যাবে। তিনি আরও বলেন, ‘চারটি মন্ত্রণালয় নয়, সবটাই থাকবে আমাদের অধীনে। যেসব ক্ষমতা থাকবে, আরও যতটা প্রয়োজন হবে, তা সুনির্দিষ্ট করে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের জন্য সুপারিশ করব আমরা।’