সর্বনিম্ন দর দিয়েও সরকারি কাজ পাচ্ছে না টেশিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বনিম্ন দরদাতা হওয়া সত্ত্বেও সরকারি প্রতিষ্ঠান টেলিফোন শিল্প সংস্থাকে (টেশিস) সরকারেরই একটি প্রকল্পে সরবরাহকাজ দিতে টালবাহানার অভিযোগ উঠেছে। বিষয়টি টেশিস কর্তৃপক্ষ লিখিতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছে।প্রায় ৭০ কোটি টাকার প্রকল্পের ওই দরপত্র খোলার দিন শিক্ষা ভবনে গিয়ে সন্ত্রাসীদের হাতে লাঞ্ছিত হন টেশিসের একজন উপমহাব্যবস্থাপক (ডিজিএম)। শিক্ষা ভবনে ‘টেন্ডারবাজ’ (দরপত্র নিয়ন্ত্রক) হিসেবে পরিচিত ছাত্রলীগ নামধারী শফিক গ্রুপ টেশিসের ওই ডিজিএমকে আটক করে দরপত্র প্রত্যাহার করে নিতে চাপ সৃষ্টি করে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় তাঁকে উদ্ধার করেন।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আইসিটির (তথ্য ও যোগাযোগপ্রযুক্তি) মাধ্যমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন প্রকল্পের জন্য ২০ হাজার ৫০০টি মাল্টিমিডিয়া প্রজেক্টর সরবরাহের কাজের দরপত্রে অংশগ্রহণকারী ১২টি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে নয়টি গ্রুপের কাজের মধ্যে ছয়টিতেই টেশিস সর্বনিম্ন দরদাতা হয়।টেশিসের প্রধান কর্মাধ্যক্ষ আ আ মো. মোয়াসির ১৩ সেপ্টেম্বর প্রকল্পটির পরিচালককে এক চিঠিতে বলেন, ‘টেশিস সরকারি প্রতিষ্ঠান হয়েও দরপত্রে অংশ নিয়েছিল। বিশ্বস্ত সূত্রে জানা যায়, কিছু অযৌক্তিক ও খোঁড়া কারণ দেখিয়ে টেশিসের দরপত্রটি বাতিলের চক্রান্ত চলছে।’টেশিসের দাপ্তরিক চিঠিতে বলা হয়, একটি চক্র কথিত ‘নেগোসিয়েশনের’ (সমঝোতা) নামে নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার চেষ্টা চালাচ্ছে। চক্রটি টেশিস কর্তৃপক্ষকে দরপত্র ক্রয়ের সময় বাধা দেয় এবং জমা দেওয়ার সময়ও প্রতিবন্ধকতা তৈরি করে। একই সঙ্গে টেশিসের একজন ডিজিএমকে আটক করে দরপত্রটি উঠিয়ে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়।বিষয়টি টেশিসের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়কেও লিখিতভাবে অবহিত করা হয়েছে।শিক্ষা ভবনের একাধিক সূত্র জানায়, নির্দিষ্ট প্রতিষ্ঠান ছাড়া আর কেউ যাতে দরপত্র জমা দিতে না পারে, সে জন্য ছাত্রলীগ নামধারী ‘টেন্ডারবাজরা’ শিক্ষা ভবনে পাহারা বসায়। এ অবস্থায় টেশিসের কর্মকর্তারা শিক্ষা ভবনে রক্ষিত বাক্সে দরপত্র ফেলতে না পেরে সচিবালয়ে রক্ষিত বাক্সে দরপত্র জমা দেন ৫ সেপ্টেম্বর। এরপর দরপত্র খোলার সময় টেশিসের দায়িত্বপ্রাপ্ত ডিজিএম নিরাপত্তার স্বার্থে প্রকল্প পরিচালকের সঙ্গে শিক্ষা ভবনে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। পরে তিনি একা শিক্ষা ভবনে গিয়ে শফিক গ্রুপের হাতে লাঞ্ছিত হন।জানতে চাইলে ‘শফিক গ্রুপের’ প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতা শফিক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘এতগুলো কোম্পানি টেন্ডার ড্রপ করল কাউরে কেউ বাধা দিল না আর তারে (টেশিসের ডিজিএম) একলা বাধা দিয়ে লাভ কী? আর তারা তো মিনিস্ট্রিতে ১৭ তলায় টেন্ডার ড্রপ করেছে।’ তাঁর দাবি, ‘আমি এসবের মধ্যে নেই। গত ছয় মাসের মধ্যে আমি শিক্ষা ভবনে যাইনি।’এসবের মধ্যে না থেকেও এত কিছু জানেন কীভাবে—এ প্রশ্নের জবাবে শফিক বলেন, ‘এগুলো আমরা জানি। আমাদের জানতে হয়।’এ বিষয়ে আইসিটির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন প্রকল্পের পরিচালক আবুল কালাম আজাদ দাবি করেন, শিক্ষা ভবনে দরপত্র বাক্সের আশপাশে পর্যাপ্ত র্যা ব ও পুলিশ ছিল। কেউ দরপত্র জমাদানে বাধার সম্মুখীন হয়েছেন, তা তাঁর জানা নেই। তিনি প্রথম আলোকে বলেন, ‘দরপত্র খোলার দিন টেশিসের ওই ডিজিএম আমার সঙ্গে মন্ত্রণালয় থেকে শিক্ষা ভবনে আসতে চেয়েছিলেন। কিন্তু আমি বলেছি, আপনি একজন দরদাতা। তাই আমি একজন দরদাতাকে গাড়িতে নিয়ে যেতে পারি না। পরে শিক্ষা ভবনে দরপত্র কমিটির বৈঠক চলাকালে টেশিসের একজন জিএম আমাকে ফোন করে জানান, ওই ডিজিএমকে আটকে রাখা হয়েছে। পরে পুলিশ নিয়ে শিক্ষা ভবনে তন্ন তন্ন করে খুঁজেও তাঁকে পাইনি। দরপত্র খোলা প্রক্রিয়ার শেষ পর্যায়ে তিনি এসে উপস্থিত হন।’টেশিস জানায়, ২০১০ সালের ২ মার্চ জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী কমিটির (একনেক) সভায় সিদ্ধান্ত হয়, সরকারি সব ক্রয়ের ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানে উৎপাদিত দ্রব্যসামগ্রী অগ্রাধিকার ভিত্তিতে ক্রয় করতে হবে। সরকারি প্রতিষ্ঠানে প্রয়োজনীয় মালামাল পাওয়া না গেলে বাইরে থেকে কিনতে হবে। এর ভিত্তিতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে সরাসরি উপকরণ সরবরাহ করছে টেশিস। টেশিস এর আগে হেয়ার আইটির সঙ্গে চুক্তি করে দোয়েল ল্যাপটপ প্রস্তুত ও বাজারজাত করছে। একইভাবে টেশিসের নিজস্ব কমপ্লেক্সে সংযোজন করে ‘দোয়েল’ ব্র্যান্ডের প্রজেক্টর বাজারজাতকরণের জন্য চীনের হেয়ার আইটি কোম্পানির সঙ্গে কারিগরি চুক্তি হয়েছে। এই প্রজেক্টর শিক্ষা মন্ত্রণালয়ের ওই প্রকল্পে সরবরাহের জন্য দরপত্রে অংশ নিয়ে শতভাগ কারিগরি শর্ত পূরণ করে সর্বনিম্ন দরদাতা হয়েছে। এর পরও তাদের কার্যাদেশ না দিয়ে বিষয়টি ঝুলিয়ে রাখা হয়েছে।দাপ্তরিক চিঠিতে টেশিস কর্তৃপক্ষ অভিযোগ করে, দরপত্র কমিটির সভায় টেশিসকে একটি যৌথ মালিকানা কোম্পানি হিসেবে দেখিয়ে দরপত্র বাতিলের চেষ্টা চলছে। কিন্তু বাস্তবে টেশিস একক দরদাতা হিসেবে দরপত্রে অংশ নেয়।জানতে চাইলে প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ বলেন, যখন উন্মুক্ত দরপত্র হয়, তখন তা চূড়ান্ত হওয়ার আগে একজন দরদাতার কোনো কথা বলা উচিত নয়। এসব বলার অর্থ হলো একটা কাজকে বাধাগ্রস্ত করা।সর্বনিম্ন দরদাতা হওয়ার পরও সরকারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়াটা ঝুলিয়ে রাখা হলো কেন—এ প্রশ্নের জবাবে প্রকল্প পরিচালক বলেন, ‘একটা দরপত্রে অনেক কাগজ থাকে, অনেক বিষয় যাচাই করে দেখতে হয়। এখানে সময় লাগতে পারে।’