সর্বনিম্ন দরদাতা একটি দেশি কোম্পানিকে কৌশলে বাদ দিয়ে একটি চীনা কোম্পানিকে চাঁপাইনবাবগঞ্জ ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ দেওয়ার সুপারিশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। চীনা কোম্পানিটিকে কাজ দেওয়া হলে সরকারের ব্যয় বাড়বে সাকল্যে প্রায় ৪০০ কোটি টাকা।বিষয়টি নিয়ে সংক্ষুব্ধ পক্ষ ইতিমধ্যে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। হাইকোর্ট পিডিবির প্রতি রুলনিশি জারি করেছেন। আগামী ২ এপ্রিল এর শুনানির দিন ধার্য হয়েছে।ফার্নেস তেলচালিত চাঁপাইনবাবগঞ্জ ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য দরপত্র জমা নেওয়া হয় গত বছরের ২৫ জুন। দরপত্র জমা দেওয়া পাঁচটি প্রতিষ্ঠানই পিডিবির মূল্যায়নে কারিগরিভাবে যোগ্য বিবেচিত হয়। কোম্পানিগুলোর আর্থিক প্রস্তাবে দেখা যায়, দেশীয় প্রতিষ্ঠান কনকর্ড প্রগতি কনস্ট্রাকশন লিমিটেড (সিপিসিএল) সর্বনিম্ন দরদাতা। পিডিবির সুপারিশকৃত চীনা কোম্পানি হুবেইয়ের দর তাদের তুলনায় প্রায় ২১৯ কোটি টাকা বেশি।দরপত্রের শর্ত ছিল, নির্মাণকাজ যে কোম্পানি পাবে, তাদের ব্যয়ের অন্তত ৮৫ শতাংশ অর্থ জোগাড় করতে হবে। পিডিবি ১২ বছরে ওই অর্থ সুদে-আসলে পরিশোধ করবে। সে অনুযায়ী সিপিসিএলের প্রস্তাবে ৪ দশমিক ৭৪ শতাংশ সুদে অর্থ বিনিয়োগের কথা বলা হয়েছে। হুবেই প্রস্তাব দিয়েছে প্রায় ৭ শতাংশ সুদে বিনিয়োগের। সুদের হারের এই তারতম্যের কারণে পিডিবিকে ১২ বছরে সিপিসিএলের তুলনায় হুবেইকে প্রায় ২০০ কোটি টাকা বেশি পরিশোধ করতে হবে।এর পরও হুবেইকে কাজ দেওয়ার সুপারিশ প্রসঙ্গে পিডিবির একাধিক সূত্র প্রভাবশালী মহলের তদবির ও চাপের কথা বলেছে। বিদ্যুৎ মন্ত্রণালয়ের শীর্ষ এক ব্যক্তির নিকটাত্মীয় হুবেইয়ের পক্ষে তদবির চালাচ্ছেন এবং চাপ দিচ্ছেন। বিদ্যুৎ ও জ্বালানি খাতের আরও কিছু কাজের ব্যাপারেও কিছুদিন ধরে তাঁর তদবিরের কথা শোনা যাচ্ছে। তবে তাঁর নাম-পরিচয় প্রকাশ্যে গণমাধ্যমের কাছে কেউই বলতে চান না।সিপিসিএলকে বাদ দেওয়ার কারণ হিসেবে পিডিবি তাদের মূল্যায়ন প্রতিবেদনে লিখেছে, প্রতিষ্ঠানটির প্রস্তাব ‘বিভ্রান্তিকর’ (কনফিউজিং) এবং দরপত্রের শর্ত অনুযায়ী ‘ম্যাটেরিয়াল ডেভিয়েশন’-এর আওতায় পড়ায় এটি গ্রহণযোগ্য নয়।পিডিবির মূল্যায়নে বলা হয়েছে, অর্থ সংগ্রহের জন্য সিপিসিএল যে কানাডীয় প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেছে, সেটি ঠিক কী ধরনের আর্থিক প্রতিষ্ঠান, তা স্পষ্ট নয়। তা ছাড়া ওই প্রতিষ্ঠানের যে ঠিকানা উল্লেখ করা হয়েছে, তার সঙ্গে ওয়েবসাইটে থাকা ঠিকানার গরমিল রয়েছে। প্রতিষ্ঠানটির যে লেটার হেড সিপিসিএল জমা দিয়েছে, ওয়েবসাইটে তা-ও অন্য রকম।এ সম্পর্কে জানতে চাইলে সিপিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মুশফিকুর রহমান প্রথম আলোকে বলেন, কানাডীয় ওই প্রতিষ্ঠান (হার্ডি ক্যাপিটাল করপোরেশন) একটি প্রতিষ্ঠিত আর্থিক প্রতিষ্ঠান। এই বিদ্যুৎকেন্দ্রের দরপত্র গ্রহণের প্রক্রিয়া চলেছে প্রায় এক বছর ধরে। বারবার তারিখ পেছানো হয়েছে। এর মধ্যে গত বছরের আগস্ট মাসে প্রতিষ্ঠানটিতে উন্নয়ন কার্যক্রম চলেছে। এ কারণে লোগো পরিবর্তন হওয়ায় লেটার হেড অন্য রকম হয়েছে। আর ঠিকানা লেখার ক্ষেত্রে সামান্য ভুল হয়েছে।মুশফিকুর রহমান বলেন, পিডিবি দরপত্রের বিভিন্ন বিষয়ে একাধিকবার তাঁদের কাছে ব্যাখ্যা চেয়েছে। চিঠিপত্র আদান-প্রদান করেছে। কিন্তু একবারও হার্ডি করপোরেশনের ঠিকানা, লোগো কিংবা সেটি কী ধরনের আর্থিক প্রতিষ্ঠান, তা জানতে চায়নি। কারণ, এই বিষয়গুলো নগণ্য। মূল্যায়ন প্রতিবেদনে সেই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে সিপিসিএলকে বাদ দেওয়ার ক্ষেত্র তৈরির উদ্দেশ্যে। এ জন্য তাঁরা আদালতের শরণাপন্ন হয়েছেন।