সর্বনিম্ন ফিতরা ৬৬ টাকা
এবার সাদাকাতুল ফিতরা নির্ধারণ করা হয়েছে জনপ্রতি সর্বনিম্ন ৬৬ টাকা এবং সর্বোচ্চ এক হাজার ৯৮০ টাকা। গতকাল বৃহস্পতিবার বায়তুল মোকাররমের সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ হার নির্ধারণ করা হয়। খবর বাসস ও ইউএনবির।জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব ও জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয় যে, ইসলামি শরিয়াহমতে গম অথবা আটা, খেজুর, কিশমিশ, পনির, যব ইত্যাদি পণ্যের যেকোনো একটি দ্বারা ফিতরা প্রদান করা যায়। গম বা আটা দ্বারা আদায় করলে এক কেজি ৬৫০ গ্রামের বাজারমূল্য ৬৬ টাকা আদায় করতে হবে। খেজুর দ্বারা আদায় করলে তিন কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য এক হাজার ৯৮০ টাকা, কিশমিশ দ্বারা আদায় করলে তিন কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য এক হাজার ১৫৫ টাকা, পনির দ্বারা আদায় করলে তিন কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য এক হাজার ৬৫০ টাকা এবং যব দ্বারা আদায় করলে তিন কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ৩৯৬ টাকা আদায় করতে হবে। প্রত্যেকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সাদাকাতুল ফিতরা আদায় করবেন বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।