সংবিধান কমিটি ও বিশেষজ্ঞ বৈঠক
সর্বসম্মত সিদ্ধান্ত নিতে মতৈক্য, বিএনপির জন্য দরজা খোলা
সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে বিশেষজ্ঞদের সঙ্গে একমত হয়েছে সংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষ কমিটি। আর এ লক্ষ্যে ২ অক্টোবর আবারও বিশেষজ্ঞদের সঙ্গে বসবে কমিটি।গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে কমিটির পঞ্চম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পর কমিটির মুখপাত্র ও কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের আরও বলেন, বিশেষ কমিটিতে আসার জন্য প্রধান বিরোধী দল বিএনপির জন্য এখনো দরজা খোলা।সভায় আমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম, আইনজীবী ড. এম জহির ও আজমালুল হোসেন কিউসি দেশের বাইরে থাকায় সভায় উপস্থিত ছিলেন না। বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলম, সাবেক অ্যাটর্নি জেনারেল রফিক-উল হক, জ্যেষ্ঠ আইনজীবী তৌফিক নেওয়াজ ও সাংসদ ফজলে নূর তাপস উপস্থিত ছিলেন।সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের বলেন, ‘সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। তবে আমরা আশা করি, আগামী বৈঠকে সবাই উপস্থিত থাকবেন। কমিটি সবার সঙ্গে আলোচনা করেই সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেবে।’সভায় উপস্থিত বিশেষজ্ঞদের দেওয়া মত সম্পর্কে জানতে চাইলে সুরঞ্জিত বলেন, ‘বিশেষজ্ঞদের দৃষ্টিতে পঞ্চম সংশোধনী-সংক্রান্ত হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায় এবং এ রায় দুটির সঙ্গে সংবিধানের সংগতি-অসংগতি নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া বিভিন্ন দেশে সংবিধান সংশোধনের রেফারেন্স নিয়েও আলোচনা হয়। এসব নিয়ে আমরা আরও আলোচনা করব।’সুরঞ্জিত জানান, আমন্ত্রিত ব্যক্তিদের বাইরে যে সংবিধান বিশেষজ্ঞরা রয়েছেন, পর্যায়ক্রমে তাঁদের কাছ থেকেও মতামত নেওয়া হবে। বিএনপির অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা যেকোনো সময় কমিটিতে আসতে পারেন। আমরা আশা করি, বিএনপির সদস্যরা তাঁদের মতামত দিয়ে সংবিধান সংশোধনে অংশ নেবেন।’ সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে বিশেষ কমিটির এ সভায় সভাপতিত্ব করেন সংসদের উপনেতা ও কমিটির চেয়ারম্যান সৈয়দা সাজেদা চৌধুরী।কমিটির সদস্যরা ছাড়াও আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ এবং আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি আবদুর রশিদ সভায় যোগ দেন।বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে। আগামী বৈঠকেও তাঁরা সবাই উপস্থিত থাকবেন। এ সময় ব্যারিস্টার রফিক-উল হক বলেন, ‘এই সংবিধান কমিটি নিশ্চয়ই জাতিকে ভালো কিছু উপহার দেবে।’প্রসঙ্গত, আদালতের রায়ের আলোকে সংবিধান সংশোধনের লক্ষ্যে গত ২১ জুলাই জাতীয় সংসদে ১৫ সদস্যের এ বিশেষ কমিটি গঠন করা হয়।