সর্বসম্মত সিদ্ধান্তের ঘেরাটোপে সার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক জোট হিসেবে সার্কের কাজের প্রক্রিয়ায় ‘সর্বসম্মত সিদ্ধান্তের বাধ্যবধকতা’র সমালোচনা করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ। তিনি বলেন, সার্ককে গতিশীল করতে সনদ পরিবর্তনসহ বেশ কিছু সংস্কার আনাটাও জরুরি। সার্ক সনদের দশম ধারায় বলা হয়েছে, ‘সার্কের সব স্তরেই সিদ্ধান্ত হতে হবে সর্বসম্মতভাবে।’মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ গতকাল রোববার মালদ্বীপের রাজধানী মালেতে সার্কের প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় পরিবর্তনবিষয়ক পরামর্শক সভার উদ্বোধনী অধিবেশনে এ অভিমত দেন। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় দুই দিনের এ সভার আয়োজন করে। ইতিমধ্যেই প্রথাগত প্রক্রিয়ার ব্যতিক্রমী কর্মকাণ্ড ও বক্তব্যের জন্য আলোচিত মালদ্বীপের প্রেসিডেন্ট বলেন, ‘সব সিদ্ধান্তই সর্বসম্মতভাবে হতে হবে’ সার্কের এ প্রক্রিয়ার সঙ্গে তিনি একমত নন। তিনি বলেন, ‘এক দেশের আপত্তি থাকলে সবাইকে হাত গুটিয়ে বসে থাকতে হবে, এর তো কোনো মানে হয় না। ধরা যাক, আঞ্চলিক যোগাযোগ প্রতিষ্ঠা এ মুহূর্তে সার্কের অগ্রাধিকার বিষয়। এরই অংশ হিসেবে মোটরযান চুক্তি করার ওপর গুরুত্ব দিচ্ছে সদস্য দেশগুলো। এ ক্ষেত্রে কোনো দেশের যদি অনীহা থাকে, তাকে ছাড়াই তো আলোচনা এগিয়ে নেওয়া যায়। এরপর এ প্রক্রিয়া চূড়ান্ত করে ওই দেশকে অন্তর্ভুক্ত করা যেতে পারে। কিন্তু কারও জন্য বসে থাকলে কিন্তু যে বিষয়গুলোতে আমরা প্রাধান্য দিতে চাই, তা এগোবে না।’নাশিদ বলেন, সার্ককে কার্যকর করতে ‘কাব্যিক চুক্তি কিংবা সমঝোতা স্মারক’ নয়, কাজের অগ্রাধিকার ঠিক করতে হবে। পাশাপাশি সার্ককে গতিশীল করতে সনদ পরিবর্তনসহ বেশ কিছু সংস্কার আনাটাও জরুরি। সার্ক সনদ সংস্কারের বিষয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে একমত পোষণ করেন সার্কের সাবেক ছয় মহাসচিব। তাঁদের মতে, সিদ্ধান্ত বাস্তবায়ন ও পর্যালোচনায় কাঠমান্ডুতে অবস্থিত সার্ক সচিবালয়ের কোনো ভূমিকা থাকে না। সদস্য দেশের সিদ্ধান্তের ওপর নির্ভর করেই চলে সার্কের কর্মকাণ্ড। তাই সার্ককে কার্যকর করতে সার্ক সচিবালয়কে শক্তিশালী ও মহাসচিবের ক্ষমতা বাড়ানোর পাশাপাশি কিছু পদক্ষেপ নেওয়া জরুরি। প্রেসিডেন্ট নাশিদ বলেন, ‘এ অঞ্চলের নেতাদের রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার পরও বিভিন্ন দেশের আমলাতন্ত্রের কারণে মুখ থুবড়ে পড়ছে বাস্তবায়নের প্রক্রিয়া। কাজেই সার্ককে গতিশীল করতে সার্ক সচিবালয় পুনর্গঠনের মাধ্যমে সার্ক মহাসচিবের ক্ষমতা বাড়াতে হবে।’আট-জাতির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ককে) এগিয়ে নিতে কাজের অগ্রাধিকারের তালিকার ওপরও গুরুত্ব দেন নাশিদ। তিনি বলেন, ‘এ অঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নের লক্ষ্যেই প্রতিষ্ঠিত হয়েছিল সার্ক। কাজেই জনগণের জীবনের উন্নয়নে সার্ক নেতাদের কাজ করতে হবে। তাঁর মতে, কোনো বিষয়ে সমঝোতা না হওয়া পর্যন্ত এ অঞ্চলের নেতাদের কাজ চালিয়ে যাওয়া উচিত। উদ্বোধনী অধিবেশনে বক্তৃতা করেন সার্কের মহাসচিব ফাতিমাত দিয়ানাথ সায়িদ ও এডিবির দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক সুলতান হাফিজ রহমান।