সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত অজিত রায়
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর অকৃত্রিম ভালোবাসায় চিরবিদায় জানানো হলো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও সংগীতজ্ঞ অজিত রায়কে। আজ সকালে প্রথমে অজিত রায়ের মরদেহ নিয়ে যাওয়া হয় তাঁর রাজধানীর মিরপুরের বাসায়। সেখান আনুষ্ঠানিকতা শেষে মরদেহ নেওয়া হয় শাহবাগের জাতীয় সম্প্রচার ভবনে। এরপর সকাল সাড়ে ১০টায় অজিত রায়ের মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। এখানে তাঁকে শেষবারের মতো একনজর দেখতে এবং চিরবিদায় জানাতে শিল্পী, সংগঠক, শিক্ষক, রাজনীতিবিদ, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের ঢল নামে।শহীদ মিনারে অজিত রায়ের মরদেহ নেওয়ার পরই তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা ও সম্মান প্রদর্শন করা হয়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও আলাদাভাবে ফুলেল শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। এ ছাড়া প্রায় সব মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর একে একে বাংলাদেশ রবীন্দ্রসংগীতশিল্পী সংস্থা, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, প্রগতিশীল বিভিন্ন সংগঠন, শিল্পকলা একাডেমীসহ অসংখ্য রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের শিল্পী-কুশলীদের পক্ষ থেকে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর সংক্ষিপ্ত বক্তব্য আর এক মিনিট নীরবতার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর বিশালাকৃতির পতাকা নিয়ে শিল্পী-ভক্ত-অনুরাগী অজিত রায়ের মরদেহ নিয়ে এগিয়ে যান রামকৃষ্ণ মিশনের উদ্দেশে। সেখানে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে অজিত রায়ের মরদেহ এখন পোস্তগোলা শ্মশানে। বর্তমানে সেখানে শেষকৃত্য অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা চলছে।