সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত আব্দুল জলিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বস্তরের মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় সিক্ত হলেন বর্ষীয়ান রাজনীতিক ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল। আজ শুক্রবার মাগরিবের নামাজের পর নওগাঁ সদর উপজেলার চকপ্রাণ গ্রামে তাঁকে পারিবারিক কবরস্থানে বাবা ও মায়ের কবরের পাশে দাফন করা হবে।আজ বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তাঁর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে তাঁকে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয়।পরে আব্দুল জলিলের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদ। শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের সদস্যদের নিয়ে তাঁর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।এ ছাড়া বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক ও সরকারদলীয় চিফ হুইপ আব্দুস শহীদ মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।এর আগে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য আব্দুল জলিলের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দলের নেতা-কর্মীদের নিয়ে মরহুমের কফিন জাতীয় ও দলীয় পতাকা দিয়ে মুড়ে দেন। সকাল নয়টায় মরহুমের মরদেহ নিয়ে যাওয়া হয় দিলকুশায় মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে। সেখানে আব্দুল জলিলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। উল্লে¬খ্য, আব্দুল জলিল মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।দুপুর ১২টার দিকে হেলিকপ্টারে করে আব্দুল জলিলের মরদেহ নওগাঁয় নেওয়া হয়। বিকেল সোয়া পাঁচটায় নওগাঁ শহরের এটিম মাঠে পর পর দুবার তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।বর্ষীয়ান এই আওয়ামী লীগ নেতার মৃত্যুতে নওগাঁ শহরজুড়ে কালো পতাকা উত্তোলন ও দোকানপাট বন্ধ রাখা হয়। তাঁকে শোক জানিয়ে বিভিন্ন ব্যানার টাঙানো হয়েছে। অতিরিক্ত মানুষের চাপে শহরে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।গত বুধবার সন্ধ্যায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় প্রবীণ এই রাজনীতিবিদ বাংলাদেশ সময় বিকেল ছয়টা ২০ মিনিটে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি ১৯৩৯ সালের ২১ জানুয়ারি নওগাঁয় জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম ফয়েজউদ্দিন আহমেদ এবং মায়ের নাম জারিনা ফায়েজ।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাঁর মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকায় আসে।