সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় চিরনিদ্রায় শায়িত বুলবুল
সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন দেশের বিশিষ্ট চলচ্চিত্রাভিনেতা বুলবুল আহমেদ। গতকাল শুক্রবার তাঁর দাফন সম্পন্ন হয়েছে। বেলা সাড়ে তিনটায় আজিমপুর গোরস্তানে মা-বাবার কবরের পাশে রচনা করা হয়েছে তাঁর অন্তিমশয্যা। এর আগে সহকর্মী, আত্মীয়স্বজন ও সর্বস্তরের মানুষ ফুলে ফুলে গভীর শ্রদ্ধা ও নিখাদ ভালোবাসা জানিয়েছে তাঁকে। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সকালেই তাঁর প্রবাসী ছেলে শুভ ও মেয়ে তিলোত্তমা দেশে পৌঁছান। তাঁদের জন্যই মরদেহ স্কয়ার হাসপাতালের হিমাগারে রাখা হয়েছিল। সকালে মরদেহ হাসপাতাল থেকে প্রথমে গুলশানে তাঁর নিজের বাসভবনে আনা হয়। সেখান থেকে গুলশানের আজাদ মসজিদে বাদ জুমা তাঁর প্রথম জানাজা সম্পন্ন হয়। পরে মরদেহ রামপুরা টেলিভিশন ভবন ও এফডিসিতে নিয়ে যাওয়া হয়। এই দুই স্থানেও তাঁর জানাজা সম্পন্ন হয়। আত্মীয়স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ী, টেলিভিশন ও চলচ্চিত্রের কলাকুশলীরা ফুল দিয়ে তাঁকে শ্রদ্ধা জানান ও জানাজায় অংশ নেন।জানাজার পর বিকেল সাড়ে তিনটায় তাঁকে আজিমপুর গোরস্তানে নেওয়া হয়। বাবা-মায়ের কবরের পাশেই তাঁকে রাখা হয় অন্তিমশয়ানে।বিশিষ্ট অভিনেতা বুলবুল আহমেদ দীর্ঘদিন থেকেই হূদরোগ, উচ্চরক্তচাপ, বহুমূত্রসহ নানা জটিল রোগে ভুগছিলেন। গত বুধবার রাতে তিনি অসুস্থ বোধ করলে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি স্ত্রী ডেইজি আহমেদ, ছেলে শুভ, মেয়ে তিলোত্তমা আহমেদ ও ঐন্দ্রিলা আহমেদ, নাতি-নাতনি, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুলবুল আহমেদ ১৯৭৩ সালে ইয়ে করে বিয়ে ছবির মধ্য দিয় চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। পরে তিনি আলমগীর কবির পরিচালিত সূর্যকন্যা, সীমানা পেরিয়ে, ও মহানায়ক চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। তবে চাষী নজরুল ইসলামের দেবদাস চলচ্চিত্রে দেবদাসের ভূমিকায় অনবদ্য অভিনয় করে বিপুল খ্যাতি ও জনপ্রিয়তা লাভ করেন। চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশনের নাটকেও তিনি সমান জনপ্রিয়তা নিয়ে অভিনয় করে গেছেন। অনবদ্য অভিনয়ের জন্য তিনি চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। অভিনয়ের পাশাপাশি তিনি চারটি চলচ্চিত্রও পরিচালনা করেন। সুস্থ ধারার চলচ্চিত্রের জন্য তিনি বিশেষ ভূমিকা রেখেছেন। ব্যক্তিগত জীবনেও তিনি ছিলেন অমায়িক ও বন্ধুবৎসল।