সর্বস্তরের মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর নববর্ষের শুভেচ্ছা বিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নববর্ষ উপলক্ষে আজ বুধবার সকালে গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় তিনি জনগণের প্রত্যাশা পূরণে দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন, ‘আসুন, আমরা সব দুঃখ-কষ্ট ভুলে ঐক্যবদ্ধভাবে দেশকে গড়ে তুলি।’ খবর বাসস।আজ সকাল থেকে মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা-কর্মী, সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষ গণভবনে আসেন। বেলা সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় শুরু করেন। একই সঙ্গে তিনি শুভেচ্ছা জানাতে আসা সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, তাঁদের সুখ-দুঃখের কথা শোনেন।প্রধানমন্ত্রীর নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে গণভবনে এক উত্সবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শুভেচ্ছা বিনিময়ের শুরুতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘এসো হে বৈশাখ’ গানটি গাওয়া হয়।এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিদ্যুত্-সংকটের কথা উল্লেখ করে বলেন, ‘প্রচণ্ড গরমের মধ্যে মানুষের কষ্ট হচ্ছে, তা আমি বুঝতে পারি।’ তিনি বলেন, ‘গত সাত বছরে বিদ্যুতের চাহিদা বাড়লেও এক মেগাওয়াট উত্পাদনও বাড়েনি। তাই ঘাটতি পূরণ ও মানুষের বাড়তি চাহিদা মেটাতে আমাদের হিমশিম খেতে হচ্ছে।’প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুত্ সমস্যা সমাধানের জন্য সরকার ইতিমধ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি জনগণকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে বলেন, ‘দেশবাসীর সহযোগিতা নিয়ে আমরা বিদ্যুত্ সমস্যার সমাধান করতে পারব ইনশাআল্লাহ।’উত্সবমুখর ও শান্তিপূর্ণভাবে নববর্ষ উদ্যাপনের সব ধরনের ব্যবস্থা নেওয়ায় প্রধানমন্ত্রী পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানান।