সর্বাত্মক আন্দোলনকে গুরুত্ব দিচ্ছে না আওয়ামী লীগ
বিরোধী দল বিএনপির আন্দোলনের হুমকি খুব একটা গুরুত্বের সঙ্গে নিচ্ছে না সরকারি দল আওয়ামী লীগ। সরকারি দলের নেতারা মনে করছেন, দেশে আন্দোলনের মতো পরিস্থিতি এ মুহূর্তে নেই। তা ছাড়া বিরোধী দলের হাতে আন্দোলন-সহায়ক জনসংশ্লিষ্ট বিষয় নেই, তাদের সাংগঠনিক প্রস্তুতি নিয়েও প্রশ্ন আছে। এ কারণে ‘সর্বাত্মক আন্দোলনের’ হুমকি আওয়ামী লীগের নীতিনির্ধারণী মহলে কোনো শঙ্কা সৃষ্টি করেনি।সরকার ও আওয়ামী লীগের নীতিনির্ধারকদের সঙ্গে কথা বলে জানা যায়, বিএনপি কোনো কর্মসূচি দিলে তার পাল্টা কর্মসূচি দেওয়ার কোনো পরিকল্পনা নেই তাদের। তবে দলের সাংগঠনিক কর্মসূচি অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে কেন্দ্রীয় নেতাদের দেশব্যাপী সাংগঠনিক সফর, জেলা ও উপজেলায় বর্ধিত সভা, দলীয় সদস্য সংগ্রহ অভিযান চলবে। এসব কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। তৃণমূল পর্যায়ে সম্মেলন শুরু করারও চিন্তাভাবনা আছে নীতিনির্ধারকদের। অর্থাৎ বিএনপি কর্মসূচি দিলে আওয়ামী লীগও সাংগঠনিক কর্মসূচি নিয়ে মাঠে থাকবে।সংশ্লিষ্ট সূত্র জানায়, দলীয় কর্মসূচির পাশাপাশি ১৪ দল ও মহাজোটকে আরও সক্রিয় করার চিন্তাভাবনা চলছে। শিগগিরই ১৪ দল ও মহাজোটের বৈঠক ডাকা হতে পারে। বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ও বিরোধী দলের কর্মসূচি মোকাবিলার কৌশল নিয়ে আলোচনা হতে পারে। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের মান-অভিমান ভাঙাতেও উদ্যোগ নেওয়া হতে পারে।সরকারের নীতিনির্ধারণী সূত্র জানায়, বিরোধী দলকে রাজনৈতিকভাবে মোকাবিলার পাশাপাশি ক্ষেত্রবিশেষে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছে সরকার। এ ক্ষেত্রে আন্দোলনের নামে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি, ভাঙচুর বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা হলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে সরকারের অবস্থান কঠোর।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিরোধী দলকে দুটি পথ বাতলে দিয়েছেন। তিনি বলেছেন, সরকারের পতন ঘটাতে হলে সংসদে এসে অনাস্থা প্রস্তাব আনতে হবে। অথবা বিরোধী দলকে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে আন্দোলনের নামে অগণতান্ত্রিক পন্থা অবলম্বন বা বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে তিনি বিরোধী দলসহ সংশ্লিষ্ট সবাইকে হুঁশিয়ার করে দিয়েছেন।এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন প্রথম আলোকে বলেন, ‘গণতান্ত্রিকভাবে বিরোধী দলের আন্দোলন করার অধিকার আছে। তবে তারা আন্দোলনের নামে নৈরাজ্যমূলক কর্মকাণ্ড করলে সরকার কী ব্যবস্থা নেয়, সময় এলেই তা দেখা যাবে।’সেনানিবাসের বাড়ি থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘উচ্ছেদ’ করার ঘটনায় বিএনপি কঠোর অবস্থান নিয়েছে। দলটি ১৪ নভেম্বর সারা দেশে হরতালও পালন করে। বিএনপির নেতারা এখন সরকারবিরোধী ‘সর্বাত্মক আন্দোলনের’ কথা বলছেন। বিএনপির আন্দোলন সম্পর্কে আওয়ামী লীগের নেতারা মনে করেন, মহাজোট সরকারের ২৩ মাসে দেশে এমন কিছু ঘটেনি যে আন্দোলনের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সরকারের কোনো মন্ত্রী বা উচ্চপর্যায়ের কারও বিরুদ্ধে এখন পর্যন্ত কেউ কোনো দুর্নীতির অভিযোগও তুলতে পারেনি। তা ছাড়া আন্দোলন নিয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের মধ্যেই বিভক্তি রয়েছে। তাঁদের মতে, বাড়ি রক্ষার আন্দোলন নিয়ে বিএনপিতেই তিন মত। কেউ এ ব্যাপারে সরকারকে মানবিক হতে বলছেন, কেউ রাজনৈতিকভাবে মীমাংসা করতে চাইছেন, আবার কেউ আদালতের মাধ্যমে সমাধান চাইছেন। কেউ বলছেন, বাড়ি নিয়ে আদালতে যাওয়া ভুল হয়েছে। সংগঠনে এ রকম কলহ, জ্যেষ্ঠ নেতাদের বিভক্তি ও দলাদলি নিয়ে সরকার পতনের আন্দোলন হয় না।এ প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর একজন সদস্য প্রথম আলোকে বলেন, সম্প্রতি নির্বাচন কমিশন অভিমুখী বিএনপির একটি মিছিলে পুলিশ বাধা না দিলেও বাংলামোটরে এসে তা থেমে যায়। তা ছাড়া মুক্তাঙ্গনে বিএনপির প্রায় প্রতিটি সমাবেশে নেতাদের বক্তব্য দেওয়া নিয়ে হাতাহাতি হচ্ছে। এসব ঘটনা বড়মাপের আন্দোলনের জন্য বাধা। আওয়ামী লীগের নেতারা মনে করেন, বেগম খালেদা জিয়ার বাড়ি নিয়ে বিএনপির নেতারা ক্ষুব্ধ হলেও জনগণ এতে সাড়া দেবে না। বাড়ি নিয়ে আন্দোলনে তাঁরা জনগণকে সম্পৃক্ত করতে পারবেন না। তাঁদের আন্দোলন জনসংশ্লিষ্ট নয়, এটা ব্যক্তিকেন্দ্রিক। তা ছাড়া খালেদা জিয়ার বাড়ি ছাড়া নিয়ে তাঁর আবেগতাড়িত বক্তব্যে জনগণের সহানভূতি পাওয়া যাবে না বলেও তাঁদের ধারণা। ঈদের দিন খালেদা জিয়া নিজেকে বাস্তুহারা দাবি করে গরিব মানুষের সঙ্গে রসিকতা করেছেন বলে সরকারি দলের এক নেতা মন্তব্য করেন।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, ঈদের পর বিরোধী দলের ‘বড়’ বা ‘সর্বাত্মক’ আন্দোলনে যাওয়ার হুমকি অনেক পুরোনো। এসব কথা এখন বাসি হয়ে গেছে। আগে অনেকেই এ রকম কথা বলেছেন, কিন্তু বাস্তবে আন্দোলনের পালে হাওয়া লাগেনি। তাঁর মতে, এ দেশে ১৯৬৯ সালের পর সত্যিকারের সর্বাত্মক আন্দোলন হয়নি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, বেগম খালেদা জিয়ার ভোগবিলাস আর বাড়ি রক্ষার আন্দোলনে জনগণ সাড়া দেবে না। তাঁদের আন্দোলনের হুমকিতে আওয়ামী লীগ শঙ্কিত নয়। তিনি বলেন, আওয়ামী লীগ কোনো পাল্টা কর্মসূচি দেবে না। তবে নিয়মতান্ত্রিকভাবে দলের সাংগঠনিক কর্মসূচি অব্যাহত থাকবে।আওয়ামী লীগের নেতাদের মতে, আগামী জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ইউনিয়ন ও পৌরসভা নির্বাচন হবে। ফেব্রুয়ারিতে বিশ্বকাপ ক্রিকেট। ডিসেম্বর বিজয়ের মাস বলে নানা কর্মসূচিতে ব্যস্ত থাকবে মানুষ। সুতরাং এ সময়ে বিরোধী দল আন্দোলনের চেষ্টা করলেও জনগণের সমর্থন পাবে না। তাঁরা মনে করেন, বিএনপি রাজপথে না গিয়ে সংসদে গিয়ে দাবিদাওয়া বা বক্তব্য তুলে ধরতে পারে। প্রাণবন্ত সংসদ হলেই সরকার ও বিরোধী দলের মধ্যে দূরত্ব কমবে, সহনশীলতার সংস্কৃতি গড়ে উঠবে।আওয়ামী লীগের নেতাদের মতে, বিএনপি-জামায়াত জোট সরকারের সময় সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াসহ আওয়ামী লীগের চারজন সাংসদ হত্যা এবং ২১ আগস্টের গ্রেনেড হামলা হলেও এ নিয়ে সংসদে কথা বলার সুযোগ পায়নি তৎকালীন বিরোধী দল। তবে বর্তমান সরকার বিরোধী দলকে সংসদে যেকোনো বিষয়ে কথা বলতে দিতে চায়। দেশের স্বার্থে তাদের সে সুযোগ নেওয়া উচিত।