সর্বেসর্বা সাইদ এস্কান্দার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিজ জেলা ফেনীতে দলটি সবচেয়ে বেশি অগোছালো। কোন্দলে জর্জরিত দলের সাংগঠনিক কর্মকাণ্ড অনেকটা মুখ থুবড়ে পড়েছে। গত বছর দলের জেলা কমিটি হওয়ার পর দলটির মাঠপর্যায়ের নেতা-কর্মীদের বড় অংশ নিষ্ক্রিয় হয়ে পড়েছে বলে বিএনপির বিভিন্ন পর্যায়ের সূত্রগুলো জানিয়েছে।বিগত জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে বিএনপির ভরাডুবি হলেও ফেনীর তিনটি আসনের সবগুলোতেই জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী। খালেদা জিয়া ছাড়া বাকি সাংসদ হলেন জয়নাল আবদিন (ভিপি জয়নাল) ও মোশাররফ হোসেন। কিন্তু গত বছর ফেনী জেলা কমিটি গঠিত হয়েছে, তাতে এই দুই সাংসদকে কোনো গুরুত্বপূর্ণ পদে রাখা হয়নি। তাঁদের পদ হলো ‘সম্মানিত সদস্য’। এ কমিটিতে সভাপতি হলেন খালেদা জিয়ার ভাই সাইদ এস্কান্দার এবং তাঁর অনুসারী জিয়া উদ্দিন ওরফে মিস্টারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া অন্যান্য পদেও সবাই সাইদ এস্কান্দারের অনুসারী হিসেবে পরিচিত।বিএনপির স্থানীয় সাবেক ও বর্তমান একাধিক জ্যেষ্ঠ নেতা প্রথম আলোকে বলেন, এক যুগ ধরে ফেনীতে বিএনপির মাঠে রাজনীতি পরিচালিত হয়েছে ভিপি জয়নাল ও মোশাররফ হোসেনের নেতৃত্বে। মোশাররফ হোসেন ও ভিপি জয়নাল এর আগে দলটির যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। কিন্তু সাইদ এস্কান্দার ফেনীর রাজনীতিতে যুক্ত হওয়ার পর দলটিতে বিভক্তি শুরু হয়। সর্বশেষ কমিটি করার মাধ্যমে দলের এই দুই সাংসদকে একেবারে কোণঠাসা করে ফেলেছেন সাইদ এস্কান্দারপন্থীরা।অভিযোগ রয়েছে, দলের সভাপতি সাইদ এস্কান্দারসহ তাঁর কমিটির গুরুত্বপূর্ণ নেতারা ঢাকায় বসবাসকারী। কালেভদ্রে তাঁদের ফেনীতে যাতায়াত। অবশ্য জেলা কমিটির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন দাবি করেন, ঢাকায় থাকলেও দলীয় সভায় দাওয়াত দিলে তাঁরা ফেনীতে আসেন। জানা গেছে, নতুন কমিটি হওয়ার পর দলের দুই সাংসদ কোনো দলীয় সভায় যোগ দেননি। এ ব্যাপারে জিয়া উদ্দিনের মন্তব্য হলো, ‘কেউ যদি যোগ না দেয়, আমরা কী করব?’ভিপি জয়নাল ও মোশাররফ হোসেন এবং তাঁদের অনুসারীরা এখন ফেনীতে বিএনপির রাজনীতিতে কার্যত নিষ্ক্রিয়। এর কারণ সম্পর্কে জানতে চাইলে ফেনী-২ আসনের সাংসদ ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জয়নাল বলেন, ‘আমি ফেনী জেলা কমিটি নিয়ে মাথা ঘামাই না।’দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোরও একই দশা। দুই বছর আগে জেলা যুবদলের কমিটি ভেঙে দেওয়া হয়। এরপর সাইদ এস্কান্দারের অনুসারীদের নিয়ে কেন্দ্র থেকে কমিটি ঘোষণা করা হয়। একইভাবে প্রায় আট মাস আগে কেন্দ্র থেকে জেলা ছাত্রদলের সাত সদস্যের অপূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এর পর থেকে ছাত্রদলও হয়ে পড়ে দ্বিধাবিভক্ত। আবার যে সাতজনকে দিয়ে কেন্দ্র ছাত্রদলের কমিটি করেছে, তাঁদের কেউ এখন আর ছাত্র নন। এর মধ্যে চারজন বিবাহিত। নতুন এই কমিটি ঘোষণার পর একসঙ্গে তাঁরা কোনো সভাও করতে পারেননি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা প্রথম আলোকে জানান, খালেদা জিয়ার ভাই হিসেবে সাইদ এস্কান্দারকে জেলা সভাপতির পদ না দিয়ে কেন্দ্রীয় কোনো বড় পদ দিলেই ভালো হতো। জেলায় এলে তিনি যেন একজন বড় আমলা। তাঁর সঙ্গে সাধারণ নেতা-কর্মীদের কথা বলা তো দূরের কথা, দেখা করাও কষ্টকর হয়।ফেনী জেলা বিএনপির দ্বিধাবিভক্তি এবং কর্মীদের বড় একটা অংশ নিষ্ক্রিয় থাকার বিষয়ে জানতে চাইলে সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন বলেন, ‘কিছুটা সমস্যা আছে ঠিকই। তবে অচিরেই সবাইকে নিয়ে বসে এসব সমস্যার সমাধান করা হবে।’