২০০ কোটি টাকার অপটিক্যাল ফাইবার লাইন স্থাপনের কাজ (লট-বি) দেওয়ার ক্ষেত্রে প্রাকেযাগ্যতা যাচাই পর্যায়ে তুরস্কের কোম্পানি নাটাসকে বাদ দেওয়ার ঘটনায় আইনি লড়াইয়ে সর্বোচ্চ আদালতেও হেরেছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।নাটাসকে দরপত্র প্রক্রিয়ায় অংশগ্রহণের বিষয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে বিটিসিএলের সর্বশেষ করা আবেদন গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ খারিজ করে দেন।আদালতে বিটিসিএলের পক্ষে শুনানি করেন আইনজীবী আনিসুল হক। নাটাসের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল মতিন খসরু। সঙ্গে ছিলেন আইনজীবী রুমিন ফারহানা।রুমিন ফারহানা প্রথম আলোকে বলেন, বিটিসিএলের করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে নাটাসের ক্ষেত্রে দরপত্র প্রক্রিয়ায় অংশ নিতে রিভিউ প্যানেলের নির্দেশনা বাস্তবায়নের হাইকোর্টের দেওয়া রায় বহাল রইল। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, টেলিযোগাযোগ নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের অধীন অপটিক্যাল ফাইবার লাইন স্থাপনের এ কাজ পছন্দের প্রতিষ্ঠানকে দিতে বিটিসিএল কর্তৃপক্ষ নানা অনিয়মের আশ্রয় নেয়। এটা করতে গিয়ে বিটিসিএলে এ ধরনের কাজে সবচেয়ে অভিজ্ঞ কোম্পানি নাটাসকে প্রাকেযাগ্যতা যাচাই পর্যায়ে বাদ দেওয়া হয়।পরে সরকারি ক্রয়সংক্রান্ত আইন অনুযায়ী গঠিত রিভিউ প্যানেল নাটাসকে প্রাকেযাগ্য ঘোষণা করে। এ নির্দেশ বাস্তবায়নের জন্য পরে টেলিযোগাযোগ মন্ত্রণালয় ও বিটিসিএলের পরিচালনা পর্ষদও সিদ্ধান্ত দেয়। কিন্তু বিটিসিএল তা উপেক্ষা করে। পরে রিভিউ প্যানেলের রায়ের বাস্তবায়ন চেয়ে নাটাস এবং রায় অকার্যকরের নির্দেশনা চেয়ে বিটিসিএল হাইকোর্টে পৃথক রিট করে। উভয় রিটের শুনানি শেষে গত বছরের ৭ আগস্ট হাইকোর্ট রায় দেন। রায়ে আদেশের অনুলিপি পাওয়ার দুই সপ্তাহের মধ্যে নাটাসের বিষয়ে রিভিউ প্যানেলের আদেশ বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়। বিটিসিএল হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ চেয়ে চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি গত বছরের ২৩ আগস্ট এক আদেশে দুই সপ্তাহের মধ্যে নিয়মিত লিভ টু আপিল করতে সময় বেঁধে দেন। তত দিন পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। পরে বিটিসিএল লিভ আবেদন করে। তা আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ গতকাল শুনানি নিয়ে বিটিসিএলের আবেদন খারিজ করে আদেশ দেন।