সর্বোচ্চ করদাতাকে ট্যাক্স কার্ড দেওয়ার পরিকল্পনা আছে
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, করদাতাদের কর দিতে উত্সাহিত করার লক্ষ্যে জাতীয় পর্যায়ে ব্যক্তি ও কোম্পানি উভয় শ্রেণীর ১০ জন সর্বোচ্চ করদাতাকে ট্যাক্স কার্ড দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নাধীন।আজ রোববার জাতীয় সংসদে সরকারি দলের সাংসদ বেগম নূর আফরোজ আলীর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।কর পরিশোধযোগ্য সব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে করের আওতায় আনার সরকারি পরিকল্পনার উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, করদাতাদের উত্সাহিত করার লক্ষ্যে জেলা পর্যায়ে সর্বোচ্চ করদাতা তিনজন ও দীর্ঘমেয়াদি দুজন করদাতাকে প্রতিবছর সম্মাননা সনদ দেওয়া হয়। এ ছাড়াও আয়কর বিষয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে প্রতিবছর আয়কর মেলার আয়োজন করা হয়ে থাকে।গ্রামীণ এলাকায় বিত্তবানদের আয়কর কাঠামোর আওতায় আনা প্রসঙ্গে মো. ইসরাফিল আলমের অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, কর কার্যক্রম বিকেন্দ্রীকরণের লক্ষ্যে দেশের বিভিন্ন গ্রোথ সেন্টারসহ উপজেলা পর্যায়ে কর অফিসগুলোর কার্যক্রম শুরু হয়েছে। এ ছাড়াও গ্রামীণ এলাকার বিত্তবানদের আয়কর কাঠামোয় আনার জন্য জরিপ কার্যক্রম ও স্পট অ্যাসেসমেন্টের মাধ্যমে তাঁদের অর্থনৈতিক সামর্থ্য বিবেচনা করে টিআইএনভুক্ত করার কার্যক্রম নেওয়া হবে বলেও অর্থমন্ত্রী জানান। বাসস।