সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও গ্যাসের ঘাটতি আরও দুই বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎপাদন বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও চলমান গ্যাসের ঘাটতি মেটাতে আরও প্রায় দুই বছর লাগবে। এই মধ্যবর্তী সময়ে কিছু উৎপাদন বাড়বে, বাড়বে চাহিদাও। তাই ঘাটতি কমতে থাকলেও চাহিদা পুরোপুরি মিটবে না।সরকারি-বেসরকারি সংশ্লিষ্ট সূত্রগুলো এ তথ্য জানিয়েছে। সূত্রমতে, গ্যাসের ঘাটতির কারণে আগামী এক বছরে কোনো নতুন গ্যাস সংযোগ দেওয়া সম্ভব হবে না। কারণ, গ্যাসের দৈনিক উৎপাদন ২২০ কোটি (২২০০ মিলিয়ন) ঘনফুটে উন্নীত না হওয়া পর্যন্ত নতুন সংযোগ বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত রয়েছে।ঘাটতি কত: রাষ্ট্রীয় তেল-গ্যাস করপোরেশন পেট্রোবাংলা থেকে পাওয়া হিসাব অনুযায়ী বর্তমানে দৈনিক গ্যাস উৎপাদিত হচ্ছে ২০০ কোটি (২০০০ মিলিয়ন) ঘনফুটের কম। এর বিপরীতে সর্বোচ্চ চাহিদা প্রায় ২৫০ কোটি ঘনফুট। চাহিদার তুলনায় ঘাটতি প্রায় ৫০ কোটি ঘনফুট। এর মধ্যে ঢাকাসহ তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানির আওতাধীন এলাকায় ১৮০ কোটি ঘনফুট দৈনিক চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে ১৪৫ কোটি ঘনফুটের মতো। প্রথম আলোর প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ খান।এ ছাড়া বাখরাবাদ, পশ্চিমাঞ্চল ও জালালাবাদ গ্যাস বিতরণ কোম্পানির সূত্রগুলো থেকে পাওয়া হিসাবে দেখা যায়, দেশে বর্তমানে দৈনিক গ্যাসের ঘাটতি ৫০ কোটি ঘনফুটেরও বেশি। এর মধ্যে নতুন সংযোগ দেওয়া শুরু করার জন্য অন্তত ২০ কোটি ঘনফুট উৎপাদন বাড়াতে হবে। সরকারের যেসব উদ্যোগ রয়েছে, তাতে আগামী এক বছরেও এই পরিমাণ উৎপাদন বাড়ানো সম্ভব হবে না। তা ছাড়া এই পরিমাণ উৎপাদন বাড়াতে যে সময় যাচ্ছে, তার মধ্যে গ্যাসের চাহিদা আরও কিছু বাড়বে। তাই চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে গ্যাসের উৎপাদন ও সরবরাহ কবে সম্ভব হবে, তা ঠিক করে বলা যায় না।পেট্রোবাংলা কী বলে: গ্যাসের চলমান ঘাটতি ও তা সম্পূর্ণ পূরণের ব্যাপারে জানতে চাইলে পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর গতকাল প্রথম আলোকে বলেন, গ্যাসের উৎপাদন বাড়ানোর যতগুলো উদ্যোগ বর্তমানে একসঙ্গে বাস্তবায়িত হচ্ছে, এর আগে কখনো তা হয়নি। বিশেষ করে, রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কোম্পানি বাপেক্স ত্রিমাত্রিক ভূকম্পন জরিপসহ (যা আগে কখনো দেশীয় কোম্পানি করেনি) অনেক প্রকল্প একসঙ্গে বাস্তবায়ন করছে। তাদের কাজের গতি ও পরিধি আরও বাড়ানোর জন্য দুটি নতুন রিগ (গ্যাসকূপ খননযন্ত্র) কেনা হয়েছে। এর একটি আগামী মাসেই দেশে আসবে। তখন আরও নতুন কূপ খনন শুরু করা হবে।পেট্রোবাংলার চেয়ারম্যান বলেন, প্রায় এক দশক নতুন গ্যাস অনুসন্ধান ও প্রয়োজন অনুযায়ী নতুন কূপ খননের কাজ না হওয়ায় এবং চাহিদা বাড়তে থাকায় ঘাটতির পরিমাণ অনেক বেশি হয়ে গেছে। তাই এ ঘাটতি সম্পূর্ণ পূরণ করতে কিছুটা সময় তো লাগবেই। তবে ২০১২ সালের মধ্যে নতুন গ্যাস উত্তোলন ৫০ কোটি ঘনফুট বাড়ানো সম্ভব হবে। আর ২০১৬ সালের মধ্যে বাড়ানো যাবে আরও ১০০ কোটি ঘনফুট।বাপেক্সের যত কাজ: রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার (১৯৮৯ সাল) পরবর্তী দুই দশকের মধ্যে এখন সবচেয়ে বেশি কাজে নিয়োজিত। তাদের হাতে এখন তিনটি পুরোনো রিগ রয়েছে, যার একটি এখন মেঘনা গ্যাসক্ষেত্রের ১ নম্বর কূপে সংস্কার (ওয়ার্কওভার) কাজ চালাচ্ছে। অল্প দিনের মধ্যেই এই কাজ শেষ হবে। তখন ওই কূপটি থেকে প্রায় দেড় কোটি ঘনফুট গ্যাস পাওয়া যাবে। আরেকটি রিগ হবিগঞ্জ গ্যাসক্ষেত্রে স্থাপন করা হচ্ছে, সেখানকার ১১ নম্বর কূপটিতে সংস্কারকাজ শুরু করার জন্য। তৃতীয় রিগটি এখন স্থাপন করা হচ্ছে তিতাস-১২ নম্বর কূপে সংস্কারকাজের জন্য। গ্যাসের সঙ্গে পানি উঠছিল বলে কিছুদিন আগে এই কূপটি বন্ধ করে দেওয়া হয়।এর আগে ওই তিনটি রিগ সিলেট-৭, তিতাস-৪ ও ১৪ নম্বর কূপের সংস্কারকাজ শেষ করেছে। এর ফলে প্রায় সাড়ে পাঁচ কোটি ঘনফুট গ্যাসের উৎপাদন বেড়েছে। মেঘনা-১, হবিগঞ্জ-১১ ও তিতাস-১২ নম্বর কূপের কাজ শেষ হলে এ বছরের মধ্যে প্রায় সাত কোটি ঘনফুট গ্যাসের উৎপাদন বাড়বে।বাপেক্সের প্রথম: বাপেক্স এবারই প্রথম ত্রিমাত্রিক জরিপ (থ্রি-ডি সার্ভে) শুরু করছে একটি ফরাসি কোম্পানির কারিগরি সহায়তা নিয়ে। এর আগে বাপেক্স কখনো ত্রিমাত্রিক জরিপ করেনি। সরকারি মালিকানাধীন বাংলাদেশ গ্যাস ফিল্ডস লিমিটেড (বিজিএফসিএল) এবং সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (এসজিএফসিএল) মোট পাঁচটি গ্যাসক্ষেত্রে ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ চালানোর কাজ করবে তারা। এই পাঁচটি ক্ষেত্র হচ্ছে তিতাস, বাখরাবাদ, রশীদপুর, কৈলাসটিলা ও সিলেট গ্যাসক্ষেত্র।বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মর্তুজা আহমেদ প্রথম আলোকে জানান, এসজিএফসিএল পরিচালিত রশীদপুর গ্যাসক্ষেত্রে কয়েক দিনের মধ্যেই ত্রিমাত্রিক জরিপের কাজ শুরু হবে। এ জন্য মাঠপর্যায়ের সব প্রস্তুতি প্রায় শেষ। আগস্টের মধ্যে মাঠপর্যায়ের কাজ শেষ হবে। রশীদপুর গ্যাসক্ষেত্রে বাপেক্স একটি নতুন কূপও খনন করবে। আগামী শুকনো মৌসুমে তাঁরা তিতাস কিংবা বাখরাবাদ ক্ষেত্রে ত্রিমাত্রিক জরিপ শুরু করতে পারেন বলেও জানান।এ ছাড়া বাপেক্স এই সময়ে নতুন সম্ভাবনাময় নেত্রকোনা গ্যাসক্ষেত্রে দ্বিমাত্রিক ভূকম্পন জরিপ শেষ করেছে। এরপর একই জরিপ শুরু করেছে কামতা গ্যাসক্ষেত্রে। নতুন রিগ দুটির প্রথমটি দেশে পৌঁছার পর বাপেক্স আগস্ট নাগাদ ফেঞ্চুগঞ্জ ক্ষেত্রে নতুন কূপ খনন শুরু করবে।সাঙ্গু নিঃশেষ হয়ে যাচ্ছে: এসব আশাব্যঞ্জক কাজের পাশাপাশি হতাশাও রয়েছে। দেশের প্রথম সাগরবক্ষীয় গ্যাসক্ষেত্র সাঙ্গুর উৎপাদন ক্রমেই কমে আসছে। একসময় এই ক্ষেত্র থেকে দৈনিক ১৮ কোটি ঘনফুট পর্যন্ত গ্যাস তোলা হয়েছে। এখন তা দৈনিক দুই কোটি ঘনফুটেরও নিচে নেমে এসেছে। ক্ষেত্রটি আগামী বছরই বন্ধ করে দিতে হবে। সরকারি-বেসরকারি সূত্রগুলোর অভিমত, এই ক্ষেত্রটির ঠিকাদার-পরিচালক আইরিশ কোম্পানি কেয়ার্ন এনার্জির অদূরদর্শিতাই ক্ষেত্রটির অকাল মৃত্যুর কারণ।এ ছাড়া সরকারের সঙ্গে কিছু বিরোধ দীর্ঘায়িত হওয়ায় ফেনী গ্যাসক্ষেত্রে উৎপাদন বন্ধ করে দিয়েছে কানাডীয় কোম্পানি নাইকো রিসোর্সেস। আরও কয়েকটি সাময়িক বন্ধ কূপ চালু করার উদ্যোগ বিলম্বিত হচ্ছে।বিবিয়ানার সময় লাগবে: ঘাটতি পূরণে সবচেয়ে বেশি গ্যাস পাওয়া সম্ভব মার্কিন কোম্পানি শেভরন পরিচালিত বিবিয়ানা ক্ষেত্র থেকে। সেখানে নতুন যে দুই ট্রিলিয়ন ঘনফুটেরও (টিসিএফ) বেশি গ্যাস পাওয়া গেছে, তা জাতীয় গ্রিডে আনতে প্রায় দুই বছর সময় লাগবে। এ ব্যাপারে পেট্রোবাংলা ও শেভরনের মধ্যে আলোচনা চলছে বলে জানা গেছে।তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিমত, এই আলোচনা দ্রুততর করে নতুন পাইপলাইন স্থাপনের উদ্যোগ নেওয়া দরকার, যাতে ওই ক্ষেত্র থেকে দৈনিক অন্তত ১০০ কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে আনা যায়।