সর্বোচ্চ দামে বিক্রি ওয়াশিংটনের সংবিধানের কপি
যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের কাছে সংরক্ষিত সংবিধানের একটি কপি ও ‘বিল অব রাইটসের’ একটি খসড়া গতকাল শুক্রবার ৯৮ লাখ ডলারে বিক্রি হয়েছে। নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টিজ আয়োজিত এই নিলামে বিক্রির দিক দিয়ে ওয়াশিংটনের এসব ব্যক্তিগত সংগ্রহ অতীতের সব রেকর্ড ভেঙেছে। রয়টার্স ও সিএনএনে প্রকাশিত খবরে এ কথা জানা যায়।আজ পর্যন্ত যুক্তরাষ্ট্রের যত বই ও ঐতিহাসিক দলিল নিলামে বিক্রি হয়েছে, ওয়াশিংটনের সংগ্রহে থাকা সংবিধানের কপি ও বিলের খসড়াটিই সর্বোচ্চ দামে বিক্রি হওয়ার রেকর্ড গড়েছে। ওয়াশিংটনের সই সংবলিত, স্বর্ণখচিত এই সংবিধানের কপিটি ১৭৮৯ সালের। নিলামে বিক্রির জন্য এর আনুমানিক মূল্য হয়েছিল ৩০ লাখ ডলার।অলাভজনক প্রতিষ্ঠান মাউন্ট ভারনন লেডিজ অ্যাসোসিয়েশন নিলামে ওয়াশিংটনের এসব ব্যক্তিগত দলিল কিনে নেয়। সংস্থাটি ভার্জিনিয়া অঙ্গরাজ্যে জর্জ ওয়াশিংটনের পৈতৃক সম্পত্তি দেখাশোনা করে। এই সম্পত্তি এখন সর্বসাধারণের জন্য উন্মুক্ত।প্রতিষ্ঠানের বোর্ডের প্রধান অ্যান বুকআউট বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে ওয়াশিংটনের সব জিনিস ফিরিয়ে আনা। আমরা লোকজনকে জানাতে চাই যে মাউন্ট ভারনন এমন এক জায়গা, যেখানে দারুণ সব সম্পদ থাকবে।’১৭৮৯ সালে প্রণীত ‘অ্যাক্টস অব কংগ্রেস’ শীর্ষক এই সংবিধান জর্জ ওয়াশিংটনবিষয়ক গবেষণার জন্য মাউন্ট ভারমন্টের ফ্রেড ডব্লিউ স্মিথ ন্যাশনাল লাইব্রেরিতে প্রদর্শন করা হবে। ২০১৩ সালে উন্মুক্ত করা হবে এটি। এখানে ‘বিল অব রাইটস’ হচ্ছে সংবিধানের প্রথম ১০টি সংশোধন। জর্জ ওয়াশিংটনের ব্যক্তিগত গ্রন্থাগারে সংবিধানের এই কপিটি ১৮৭৬ সাল পর্যন্ত সংরক্ষিত ছিল। পরে এটি বেহাত হয়ে যায়। মাউন্ট ভারনন এটি নিলামে কিনে আবার আগের জায়গায় ফিরিয়ে দিয়েছে।১৭৮৯ সালে এই কপিটি জর্জ ওয়াশিংটনের জন্য বিশেষভাবে ছাপা হয়েছিল। নিলামে বিক্রি হওয়া কপিটিতে জর্জ ওয়াশিংটনের সই ও বিভিন্ন পাতায় তাঁর হস্তাক্ষর এক ঐতিহাসিক স্মৃতিচিহ্ন বহন করছে।২২৩ বছরের পুরোনো এই সংবিধানের কপির অনেক জায়গাতেই দেখা গেছে, জর্জ ওয়াশিংটন নির্দিষ্টভাবে কিছু অংশ পড়ে তাতে কলম দিয়ে দাগ দিয়েছেন। ওয়াশিংটনের দাগ দেওয়া ওই অংশগুলোতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব বিষয়ে সুনির্দিষ্ট বর্ণনা রয়েছে।