সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং বিদ্রোহের জন্য তিন ধরনের আদালত গঠনের বিধান রেখে ‘বর্ডার গার্ড ‘বাংলাদেশ আইন, ২০১০’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বিডিআর আইন বা রাইফেলস অর্ডার ১৯৭২ রহিত করে নতুন এ আইনে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে।গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ৭৪তম বৈঠকে এ আইনের অনুমোদন দেওয়া হয়।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ প্রেস ব্রিফিংয়ে জানান, বাংলাদেশ রাইফেলসকে পুনর্গঠন করে সুসংগঠিত করার লক্ষ্যে এ আইন আধুনিক ও যুগোপযোগী করা হয়েছে। আগের আইনে এ বাহিনীতে বিদ্রোহের সর্বোচ্চ শাস্তি ছিল সাত বছর কারাদণ্ড, যা এ ধরনের অপরাধের শাস্তির ক্ষেত্রে যথেষ্ট ছিল না। এ ছাড়া এ বাহিনীর সদস্যদের বিচারে শুধু মহাপরিচালকের নেতৃত্বে একটি আদালত গঠনের বিধান ছিল। এটা সংশোধন করে তিন ধরনের আদালত গঠনের বিধান করা হয়েছে প্রস্তাবিত আইনে। এটি শিগগিরই জাতীয় সংসদে উত্থাপন করা হবে বলে জানান প্রেস সচিব। পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন: বৈঠকে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এ আইন প্রসঙ্গে আবুল কালাম আজাদ বলেন, এ আইনের অপব্যবহার করে কেউ মিথ্যা মামলা করলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। তথ্য প্রকাশ (সুরক্ষা প্রদান) আইন এবং মাতৃভাষা ইনস্টিটিউট আইন: দুর্নীতি প্রতিরোধ করতে হলে দুর্নীতিবিষয়ক কর্মকাণ্ডের সংবাদ প্রদানকারীকে সুরক্ষা দেওয়া জরুরি বিবেচনায় জনস্বার্থে সংশ্লিষ্ট তথ্য প্রকাশ (সুরক্ষা প্রদান) আইন-২০১০-এর খসড়া নীতিগতভাবে অনুমোদন করেছে মন্ত্রিসভা। বৈঠকে মাতৃভাষা ইনস্টিটিউট আইন-২০১০-এর খসড়াও অনুমোদন করা হয়।বৈঠকে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রীর সৌদি আরব সফরের বিষয়ে অবহিত করা হয়। মেধাতালিকা থেকে প্রার্থী নিয়ে ৫৮২ শূন্যপদ পূরণ:স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে মুক্তিযোদ্ধা কোটায় সহকারী সার্জনের ৫৮২টি পদ শূন্য রয়েছে। বৈঠকে মেধাতালিকা থেকে প্রার্থী নিয়ে এসব পদ পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে মুক্তিযোদ্ধা কোটা পূরণ না হলে তা খালি থাকবে এবং পরে মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের দিয়ে তা পূরণ করা হবে বলে সিদ্ধান্ত হয়। পদ্মা সেতুর অগ্রগতি: বৈঠকে পদ্মা সেতু নির্মাণ ও সামগ্রিক অবস্থা সম্পর্কে যোগাযোগমন্ত্রী আবুল হোসেনের কাছে জানতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যোগাযোগমন্ত্রী জানান, পদ্না সেতু নির্মাণের কাজ তদারকির জন্য পরামর্শক নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। সেতু নির্মাণে ঠিকাদার নিয়োগে প্রাক-যোগ্যতা যাচাইয়ে দরপত্র মূল্যায়ন প্রক্রিয়া চলছে। মন্ত্রিসভার ১৮ মাসের অগ্রগতি প্রতিবেদন পেশ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মন্ত্রিসভার ১৮ মাসের কাজের অগ্রগতি প্রতিবেদন পেশ করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতির এই প্রতিবেদনে বলা হয়, মহাজোট সরকার ক্ষমতায় আসার পর চলতি বছরের জুন পর্যন্ত দেড় বছরে মন্ত্রিসভা ৭৪টি বৈঠক করেছে। এসব বৈঠকে ৪৯৮টি সিদ্ধান্ত হয়। এর মধ্যে বাস্তবায়িত হয়েছে ৪১১টি। বাস্তবায়নের হার ৮৭ শতাংশ।বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় প্রথম দেড় বছরে বৈঠক হয়েছিল ৬৪টি। এর মধ্যে সিদ্ধান্ত হয় ২৩৯টি আর বাস্তবায়িত হয় ১৪৮টি।বর্তমান মন্ত্রিসভা এখন পর্যন্ত ১২০টি আইন অনুমোদন করেছে। যার মধ্যে ১০০টি সংসদে পাস হয়েছে। বাকিগুলোর মধ্যে ১৫টি সংসদে ও পাঁচটি বিভিন্ন মন্ত্রণালয়ে পর্যালোচনার পর্যায়ে আছে।