সর্বোচ্চ শাস্তির রায় নিয়ে বাড়ি ফেরার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত-শিবিরের হাতে নিহত জাফর মুন্সির স্ত্রী জুলিয়া বেগম একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবি জানিয়ে বক্তব্য রাখার সময় জ্ঞান হারালেন। তিনি গতকাল বুধবার শহীদ জাফরের তিন সন্তানসহ মতিঝিলের গণজাগরণ সমাবেশের মঞ্চে উপস্থিত হয়েছিলেন। কোরআন তিলাওয়াত ও অন্যান্য ধর্মগ্রন্থ থেকে পাঠ এবং সমস্বরে জাতীয় সংগীত পরিবেশন শেষে সমাবেশের শুরুতেই বক্তব্য রাখার জন্য আহ্বান জানানো হয় জুলিয়া বেগমকে। জুলিয়া শুরুতেই বলেন, ‘আমার স্বামীকে যারা হত্যা করেছে, তাদের আমি ফাঁসি চাই।’ এরপর কয়েকবার ‘ফাঁসি চাই’ শব্দ দুটির পুনরাবৃত্তি করতে করতে মঞ্চে জ্ঞান হারান তিনি। হাজারো মানুষের সমাবেশ কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে পড়ে। এ সময় জাগরণ সমাবেশ থেকে জানানো হয়, জাফর মুন্সি হলেন নতুন প্রজন্মের যুদ্ধাপরাধী রাজাকার-আলবদরবিরোধী আন্দোলনের প্রথম শহীদ। উল্লেখ্য, ১৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে নয়টার দিকে অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারী সমিতির পক্ষে সাঁটানো পোস্টার ছিঁড়ে ফেলেন শিবিরের কতিপয় কর্মী। পোস্টার ছেঁড়ার সময় ব্যাংকের লিফটম্যান জাফর বাধা দিলে শিবিরের কর্মীরা তাঁকে মারধর করে ফেলে রেখে যান। গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৫ দিন পর মারা যান তিনি।কাদের মোল্লাসহ একাত্তরের মানবতাবিরোধীদের ফাঁসির দাবিতে শাহবাগের গণজাগরণ চত্বরে ৫ ফেব্রুয়ারি থেকে চলছে লাগাতার গণ-আন্দোলন। গতকাল বুধবার এ আন্দোলনের ২৩তম দিনে মতিঝিলের শাপলা চত্বরে অনুষ্ঠিত হয় শাহবাগের গণজাগরণ চত্বরের বাইরের এ তৃতীয় সমাবেশ। এর আগে রায়েরবাজার বধ্যভূমি ও মিরপুর ১০ নম্বর গোলচত্বরে পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। দুপুর গড়িয়ে বিকেল হতেই বিভিন্ন এলাকা থেকে মানুষ আসতে শুরু করেন গতকালকের সমাবেশস্থল শাপলা চত্বরে। আসেন নানা শ্রেণী-পেশার মানুষ। অগ্রণী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল সবচেয়ে বেশি। অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদ মুন্সিগঞ্জ আঞ্চলিক কমিটির সভাপতি মামুন চৌধুরী জানান, ঢাকার আশপাশের সব এলাকা থেকেই এসেছেন তাঁদের সদস্যরা। মতিঝিল এলাকার বিভিন্ন অফিস থেকে দলে দলে মানুষ বেরিয়ে এসে যোগ দেন সমাবেশে। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, সিদ্ধেশ্বরী কলেজসহ আশপাশের সব কটি স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরাও সমাবেশে উপস্থিত হয়। যোগ দেন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন স্লোগান ’৭১, জাহানারা ইমাম স্কোয়াড, নাট্যদল তীরন্দাজসহ সাংস্কৃতিক সংগঠনগুলোর কর্মীরা। একসময় স্লোগানে স্লোগানে হাজার হাজার মানুষ জানিয়ে দেন তাঁদের সব দাবি।হরতাল প্রত্যাখ্যানের আহ্বান: গতকালকের সমাবেশ থেকে আবারও জামায়াত-শিবির আহূত আজকের হরতাল প্রত্যাখ্যানের জন্য শাহবাগে রাতভর অবস্থানের ঘোষণা দেওয়া হয়। আজ সকাল ১০টায় এখান থেকে বের হবে হরতালবিরোধী মিছিল। সারা দিনই চলবে কর্মসূচি। ওলামা-মাশায়েখদের বক্তব্য: গতকালকের জাগরণ সমাবেশে মাওলানা ও ওলামা-মাশায়েখদের কয়েকজন বক্তব্য দেন। তাঁদের মধ্যে ওলামা-মাশায়েখ ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আবদুল হালিম সিরাজী বলেন, মৃত্যুদণ্ড ছাড়া কাদের মোল্লার কোনো রায় হতে পারে না। একই সঙ্গে দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রায়ে তাঁকে ফাঁসি দেওয়ার দাবি জানান তিনি। হালিম সিরাজী বলেন, ‘কাদের মোল্লা একাত্তরে মানুষ হত্যা করেছেন। প্রচলিত ও শরিয়াহ উভয় আইনেই তাঁর মৃত্যুদণ্ড হয়। পবিত্র কোরআনেও হত্যার বদলে হত্যার কথা বলা হয়েছে। অতএব যুদ্ধাপরাধীদের ফাঁসি ছাড়া অন্য কিছুই মানবে না বাংলার মানুষ।’ ট্রাইব্যুনালের উদ্দেশে: সমাবেশের শেষ বক্তা গণজাগরণ আন্দোলনের অন্যতম সংগঠক ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উদ্দেশে বলেন, ‘আপনারা নিরপেক্ষভাবে বিচার চালিয়ে যান। ভয় পাবেন না। আপনাদের পাশে ১৬ কোটি জনতা আছে। আমরা বিশ্বাস করি, একাত্তরের খুনি-হায়েনাদের শাস্তি যাবজ্জীবন হতে পারে না। আমরা ফাঁসির দাবি নিয়ে এসেছি। আমরা প্রজন্ম চত্বরেই অবস্থান করব এবং ফাঁসির রায় নিয়েই বাড়ি ফিরব।’ শপথ গ্রহণ: সমাবেশ শেষ হয় শপথ গ্রহণের মধ্য দিয়ে। শপথ পাঠ করান ইমরান। শপথে বলা হয়, ‘আমরা শপথ করছি যে, কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।’ শপথে জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। বলা হয়, ‘যুদ্ধাপরাধী ও তাদের দোসরদের সব অর্থনৈতিক প্রতিষ্ঠান বাজেয়াপ্ত না হওয়া পর্যন্ত আমরা সেগুলো বয়কট করব।’আরও শপথ করা হয়, ‘যুদ্ধাপরাধীদের সব দোসর ও পৃষ্ঠপোষকদের বয়কট করব। আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ গড়ব। প্রতিটি জেলা, থানা, মহল্লায় যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।’আরও বক্তব্য রাখেন: সমাবেশে ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান তারিক, ছাত্রফ্রন্টের সভাপতি সাইফুজ্জামান, ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু, বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি আবদুর রউফ, ছাত্র ফেডারেশনের সভাপতি পথিক সাহা, জাসদ ছাত্রলীগের সভাপতি হোসাইন আহমেদ তফসীর, ছাত্র ঐক্য ফোরামের আহ্বায়ক সোহাগ সোহান, ছাত্র আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি মনজুর রহমান, ছাত্র সমিতির যুগ্ম আহ্বায়ক সালমান খান, বিপ্লবী ছাত্র সংহতির সভাপতি রাশিদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। সমাবেশে সাংসদ রাশেদ খান মেনন, সাংসদ আসাদুজ্জামান নূরসহ আরও অনেক বিশিষ্টজন উপস্থিত থাকলেও তাঁদের কেউ বক্তব্য রাখেননি।এদিকে, আন্দোলনকারীদের ছয় দফা দাবির সমর্থনে গতকালও সকাল থেকে শাহবাগে গণস্বাক্ষর সংগ্রহ চলেছে।