সর্বোচ্চ ৩০০ কোটি টাকা অর্থদণ্ডের বিধান রেখে টেলিযোগাযোগ বিল পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বোচ্চ ৩০০ কোটি টাকা অর্থদণ্ডের বিধান রেখে বাংলাদেশ টেলিযোগাযোগ বিল ২০১০ জাতীয় সংসদে পাস হয়েছে। আজ সোমবার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ সংসদে বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। এ সময় বিরোধী দলের জনমত যাচাইয়ের প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়। তবে বিলের কয়েকটি ধারায় স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের আনা সংশোধনী গৃহীত হয়।সরকার সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি এবং অপর দুজন সদস্য নিয়ে এই কমিশন গঠন করবে।সংশোধিত আইনের বিধান অনুযায়ী বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা আরোপ করলে সংক্ষুব্ধ ব্যক্তি কমিশনের আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন। কোনো প্রতিষ্ঠান টেলিযোগাযোগ-ব্যবস্থা স্থাপন ও সেবা প্রদান করতে চাইলে কমিশন সরকারের আগাম অনুমতি নিয়ে ওই প্রতিষ্ঠানের অনুকূলে অনুমতিপত্র (লাইসেন্স) ইস্যু করতে পারবে। সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ট্যারিফ অনুমোদনের জন্য কমিশনের মাধ্যমে সরকারের কাছে পেশ করতে হবে। সরকার অনুমোদন করার আগ পর্যন্ত সেবা বাবদ কোনো চার্জ আদায় করা যাবে না। কমিশন সরকারের অনুমতি নিয়ে লাইসেন্সের শর্ত সংশোধন বা বাতিল করতে পারবে। কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে প্রশাসনিক জরিমানা আদায়ের আগে সেই প্রতিষ্ঠানের অপরাধের ধরন ও ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে হবে। এ ছাড়া আজ সংসদে বিল-সংক্রান্ত চারটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। এগুলো হলো কোর্ট ফি (সংশোধন) বিল ২০১০, ইপিজেড শ্রমিক কল্যাণ সমিতি ও শিল্প সম্পর্ক বিল ২০১০, জাতীয় পতাকা, ফ্ল্যাগ ও প্রতীক (সংশোধন) বিল ২০১০ এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল বিল ২০১০।সংসদের অধিবেশন কাল মঙ্গলবার বিকেল চারটা পর্যন্ত মুলতবি করা হয়েছে।