সর্বোচ্চ ৩০০ কোটি টাকা অর্থদণ্ডের বিধান রেখে টেলিযোগাযোগ বিল পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বোচ্চ ৩০০ কোটি টাকা অর্থদণ্ডের বিধান রেখে গতকাল সোমবার জাতীয় সংসদে বাংলাদেশ টেলিযোগাযোগ বিল ২০১০ পাস হয়েছে।বিলের ওপর স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের দেওয়া দুটি সংশোধনী প্রস্তাব গৃহীত হয়। তবে তাঁর দেওয়া জনমত যাচাইয়ের প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। এরপর কণ্ঠভোটে বিলটি পাস হয়। গেজেট আকারে প্রকাশের পর বিলটি আইনে পরিণত হবে।সংশোধিত আইনের বিধান অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা আরোপ করলে সংক্ষুব্ধ ব্যক্তি কমিশনের আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন। সরকার সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি এবং অপর দুজন সদস্য নিয়ে আপিল কর্তৃপক্ষ গঠন করবে। কোনো প্রতিষ্ঠান টেলিযোগাযোগ-ব্যবস্থা স্থাপন ও সেবা প্রদান করতে চাইলে বিটিআরসি সরকারের আগাম অনুমতি নিয়ে ওই প্রতিষ্ঠানের অনুকূলে লাইসেন্স দিতে পারবে। সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ট্যারিফ অনুমোদনের জন্য বিটিআরসির মাধ্যমে সরকারের কাছে পেশ করতে হবে। সরকার অনুমোদন করার আগ পর্যন্ত সেবা বাবদ কোনো চার্জ আদায় করা যাবে না। বিটিআরসি সরকারের অনুমতি নিয়ে লাইসেন্সের শর্ত সংশোধন বা বাতিল করতে পারবে। কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে প্রশাসনিক জরিমানা আদায়ের আগে সেই প্রতিষ্ঠানের অপরাধের ধরন ও ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে হবে।চারটি প্রতিবেদন উপস্থাপন: এ ছাড়া গতকাল সংসদে সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটি থেকে বিল-সংক্রান্ত চারটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। এগুলো হলো কোর্ট ফি (সংশোধন) বিল ২০১০, ইপিজেড শ্রমিক কল্যাণ সমিতি ও শিল্প সম্পর্ক বিল ২০১০, জাতীয় সংগীত, পতাকা ও প্রতীক (সংশোধন) বিল ২০১০ এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল বিল ২০১০।টেলিযোগাযোগ বিল পাসের পর সংসদের অধিবেশন আজ মঙ্গলবার বিকেল চারটা পর্যন্ত মুলতবি করা হয়।