সর্বোচ্চ ৬৭২০ টাকা, সর্বনিম্ন ২১৯০ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌযান শ্রমিকদের জন্য সর্বোচ্চ ছয় হাজার ৭২০ টাকা এবং সর্বনিম্ন দুই হাজার ১৯০ টাকা মজুরি ঘোষণা করেছে সরকার। পাঁচ বছরের জন্য এ মজুরিকাঠামো প্রণয়ন করা হয়েছে। আগামী ১ জুলাই থেকে শ্রমিকেরা এ নতুন মজুরি পাবেন।আজ সোমবার শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে নৌযান শ্রমিকদের এ নতুন মজুরিকাঠামোর ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, সরকারঘোষিত ন্যূনতম মজুরির চেয়ে বর্তমানে যদি কোনো নৌযান শ্রমিক বেশি মজুরি পেয়ে থাকেন, তা মালিকেরা কমাতে পারবেন না। তবে এ মজুরিকাঠামো কার্যকর হবে ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে। মালিকেরা শ্রমিকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে বর্ধিত বকেয়া মজুরি পরিশোধ করবেন।মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ১২ বছর পর নৌযান শ্রমিকদের মজুরি বাড়ানো হয়। তাও ছিল মাত্র সাড়ে ৯ শতাংশ। কিন্তু বর্তমান সরকার কোনো কোনো ক্ষেত্রে শতভাগ পর্যন্ত মজুরি বাড়িয়েছে। এ ছাড়া সব শ্রমিকের জন্য বাড়ি ভাড়া, চিকিত্সা ভাতা ও ধোলাই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সংবাদ সম্মেলনে জানানো হয়, শ্রম পরিদপ্তর এ কাঠামো কার্যকরের বিষয়টি তদারকি করবে। কোনো মালিক তা কার্যকর না করলে শ্রমিকদের অভিযোগ তদন্ত করে শ্রম পরিদপ্তর তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।শ্রমিকদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নতুন মজুরিকাঠামো নিয়ে আপত্তি তোলা প্রসঙ্গে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, ‘শ্রমিকেরা এটিকে স্বাগত জানিয়েছেন। তবে কেউ কেউ এটি নিয়ে আপত্তি তুলেছে। এটি তুলতেই পারে।’