সর্ষের মধ্যেই ভুত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে দুটি বিদ্যালয়ের সভাপতি ও ক্ষমতাসীন দলের নেতা কুদরত-ই-খুদা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মাঠ ঠিকাদারি কাজে লাগিয়ে মুনাফা লুটছেন বলে অভিযোগ উঠেছে। একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে মাঠ ভাড়া দিয়েছেন তিনি। ওই প্রতিষ্ঠানটি বিদ্যালয়ের শ্রেণীকক্ষ ও মাঠ অবৈধভাবে দখল করে সেখানে নির্মাণসামগ্রী রেখেছে। সেই সঙ্গে মাঠে রাস্তা পাকাকরণ কাজের পিচ ও পাথর মেশানোর জন্য চুলা বসিয়ে ধোঁয়ার কুণ্ডলী তৈরি করছে। ফলে বিদ্যালয় দুটির লেখাপড়ার পরিবেশ মারাত্মক বিঘ্ন ঘটছে। উপজেলা প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, ধুনট থেকে সিরাজগঞ্জের বাগবাটি পর্যন্ত ২০ কিলোমিটার রাস্তা রয়েছে। এর মধ্যে ১৪ কিলোমিটার পড়েছে বগুড়ায়। বাকি ছয় কিলোমিটার সিরাজগঞ্জ জেলায়। গত জানুয়ারিতে রাস্তা পাকা করা ও এর পাশ দিয়ে বয়ে যাওয়া ইছামতি নদী শাসনের জন্য দরপত্র ডাকা হয়। সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফের ঠিকাদারি প্রতিষ্ঠান আরএস অ্যান্ড জেএস কনস্ট্রাকশন তিন কোটি টাকার এ কাজটি পায়। ঠিকাদারি প্রতিষ্ঠানটির পক্ষে কাজটি করছে ধুনট উপজেলা কৃষক লীগের সভাপতি কুদরত-ই-খুদা। এদিকে রাস্তাটির পাশেই চৌকিবাড়ী উচ্চবিদ্যালয় ও চৌকিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। এখানে প্রায় ৬০০ শিক্ষার্থী রয়েছে। কুদরত-ই-খুদা শিক্ষাপ্রতিষ্ঠান দুটির পরিচালনা কমিটির সভাপতি ও চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। মাসখানেক আগে থেকে তিনি বিদ্যালয় দুটির মাঠ দখল করে পাথর, ইটসহ বিভিন্ন নির্মাণসামগ্রী রেখেছেন। বিদ্যালয়ের একাডেমিক ভবনের কক্ষগুলোতে নির্মাণশ্রমিকেরা সরঞ্জামাদি রাখাসহ রাতও যাপন করেন। মাঠে রাখা ক্রাশিং মেশিনের শব্দ এবং পাথর ও পিচ গলানোর ধোঁয়ায় লেখাপড়ার পরিবেশ মারাত্মক ব্যাহত হয়। তাছাড়া ধোঁয়া এবং ধুলোবালিতে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে। মালামাল বোঝাই ভারি ট্রাক মাঠ দিয়ে চলাচল করায় মাঠে গর্তের সৃষ্টি হয়েছে। মাঠে নির্মাণসামগ্রী রাখায় শিক্ষার্থীরা খেলাধুলাও করতে পারছে না।ছাত্রছাত্রীরা অভিযোগ করে, এসব কর্মকাণ্ডে তাদের নানা সমস্যা হলেও শিক্ষকদের বলে কোনো প্রতিকার হয়নি। শিক্ষকেরা সভাপতির ভয়ে কিছু বলতে পারেন না বলে শিক্ষার্থীরা জানায়। বরং সমস্যা থেকে বাঁচতে ভোরে ক্লাস নেওয়া হচ্ছে তাদের।নাম প্রকাশ না করার শর্তে একজন অভিভাবক জানান, ছাত্রছাত্রীদের লেখাপাড়ার ক্ষতি করে ক্ষমতাসীন দলের সভাপতি কুদরত-ই-খুদা, তাঁর শ্যালক প্রধান শিক্ষক দীন মোহাম্মদ এবং স্ত্রী সহকারী প্রধান শিক্ষিকা লিপি খাতুন মিলে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে আর্থিক ফায়দা লুটছেন। প্রধান শিক্ষক দীন মোহাম্মদ বলেন, ‘বিদ্যালয় কমিটির সভাপতি এই কাজের ঠিকাদার। তাই কমিটির অন্য সদস্যদের অনুমতি নিয়ে প্রায় এক মাস হলো মাঠে পাথর, বালি ও ইট রাখা হয়েছে। লেখাপড়ার সমস্যার সমাধানে কমিটির অনুমতি নিয়ে কয়েক দিন ধরে সকালে ক্লাস দিয়েছি।’ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম জানান, প্রধান শিক্ষক ও কমিটি ইচ্ছা করলেই বিদ্যালয়ের মাঠ এভাবে ব্যবহার বা ক্লাসের সময়সূচির পরিবর্তন করতে পারেন না। এর জন্য বোর্ড মহাপরিচালকের অনুমতি দরকার। এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেনের সঙ্গে কথা বলতে গেলে তাঁকে পাওয়া যায়নি। এ সময় অন্য শিক্ষকেরা অভিযোগ করেন, তাঁরা ধোঁয়া আর ময়লায় ঠিকমতো ক্লাস নিতে পারছেন না। শিক্ষার্থীদের উপস্থিতিও একই সমস্যার কারণে কমে গেছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘বিদ্যালয় দুটো পাশাপাশি হলেও মাঠটি আমার প্রাথমিক বিদ্যালয়ের নয়। তাই আমরা আইনগত ব্যবস্থা নিতে পারছি না।’ এদিকে কৃষক লীগের নেতা কুদরত-ই-খুদা বলেন, ‘অন্য কোথাও তেমন ভালো জায়গা না পেয়ে মালামাল এখানে রেখে কাজ করছি। কয়েক দিনের মধ্যে কাজ শেষ হলে এগুলো সরিয়ে নেব।’উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ হারুন জানান, ‘বিষয়টি আমাকে আগে কেউ জানায়নি। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’