সলোমন দ্বীপপুঞ্জে সুনামিতে পাঁচজনের মৃত্যু
প্রশান্ত মহাসাগরীয় সলোমন দ্বীপপুঞ্জে আজ বুধবার ভূমিকম্প পরবর্তী সুনামিতে পাঁচজন মারা গেছে। ওই দ্বীপপুঞ্জে আজই একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৮। ভূমিকম্পের পর ওই দ্বীপপুঞ্জের পূর্বাঞ্চলীয় লাটা এলাকা তিন ফুট উচ্চতার সুনামির পানিতে তলিয়ে যায়। আজ বুধবার বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যের বরাত দিয়ে বিবিসি জানায়, আজ স্থানীয় সময় দুপুর ১২টা ১২ মিনিটে সলোমন দ্বীপপুঞ্জের সান্তা ক্রুজ দ্বীপে ভূমিকম্প আঘাত হানে। এরপর প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতু, নাউরু, পাপুয়া নিউ গিনি, টুভ্যালু, নিউ ক্যালেডোনিয়া, করসাই, ফিজি, কিরিবাতি এবং ওয়ালিস ও ফুতুনা আইল্যান্ডে সুনামি সতর্কতা জারি করে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র। কিছু সময় পর সতর্কতা বাতিল করে দেওয়া হলেও সলোমন দ্বীপপুঞ্জের লাটা এলাকায় তিন ফুট উচ্চতার সুনামি আঘাত হানে।সলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রীর তথ্যসচিবের বরাত দিয়ে বিবিসি জানায়, সুনামির কারণে সাগরের পানি ভূ-ভাগের ৫০০ মিটার ভেতরে ঢুকে পড়ায় লাটা এলাকার প্রায় তিনটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। সুনামির আঘাত হানা তিনটি গ্রামে প্রায় পাঁচ হাজার মানুষ বাস করে। ভূমিকম্পের পর এসব গ্রামের অধিকাংশ মানুষ আশপাশের পাহাড়ে আশ্রয় নিয়েছে। এ পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। লাটা হাসপাতালের পরিচালকের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়, মৃতের সংখ্যা বাড়তে পারে।সলোমন আইল্যান্ডস প্রায় এক হাজার দ্বীপের সমন্বয়ে গঠিত একটি দ্বীপপুঞ্জ। এর আয়তন প্রায় ২৮ হাজার ৪০০ বর্গকিলোমিটার। মোট জনসংখ্যা পাঁচ লাখ ২৩ হাজার।