সশস্ত্র বাহিনীর আইন সংশোধনে সংসদীয় কমিটির সুপারিশ
সেনা, নৌ ও বিমানবাহিনীর আইনগুলো ব্রিটিশ আমলের আদলে করা। ব্রিটিশ শাসনের পর সশস্ত্র বাহিনীর জন্য যেসব আইন করা হয়েছে, সেগুলোও ঔপনিবেশিক মানসিকতাযুক্ত। তাই প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এসব আইন সংশোধন করে আধুনিক ও যুগোপযোগী করার সুপারিশ করেছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠকের পর কমিটির সভাপতি ইদ্রিস আলী সাংবাদিকদের এ কথা বলেন। ইদ্রিস আলী বলেন, বৈঠকে সশস্ত্র বাহিনীর এই আইন সংশোধনে তিন বাহিনীকে খসড়া প্রস্তাব দেওয়ার সুপারিশ করা হয়েছে। বিদ্যমান আইনগুলোয় বাহিনীর সদস্যদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না থাকায় অনেক ক্ষেত্রে মানবাধিকার লংঘনের ঘটনা ঘটে। এ ব্যাপারে খসড়ায় প্রয়োজনীয় সংশোধনের কথা উল্লেখ করার বিষয়ে আলোচনা হয়।ইদ্রিস আলী জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন স্পার্সো ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হলেও এখনো সেটির কোনো অর্গানোগ্রাম নেই। এখানে ১৮ জন কর্মকর্তা ও ২৭ জন বিজ্ঞানীর পদ শূন্য রয়েছে। কমিটি এসব শূন্যপদ পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে।