সশস্ত্র বাহিনী অসাংবিধানিক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখতে সশস্ত্র বাহিনী তাদের শপথ অনুযায়ী কাজ করবে। কোনো ধরনের অসাংবিধানিক কর্মকাণ্ডকে তারা প্রশ্রয় দেবে না। আজ সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিকে এ কথা বলেছেন তিন বাহিনীর প্রধানেরা। বৈঠক শেষে কমিটির সভাপতি ইদ্রিস আলী প্রথম আলো ডটকমকে বলেন, দেশের সার্বিক নিরাপত্তা-পরিস্থিতি পর্যালোচনা এবং বগুড়ায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সাম্প্রতিক বক্তব্যের প্রেক্ষাপটে সংসদীয় কমিটির বৈঠকে সংবিধান সমুন্নত রাখার পক্ষে মত দেন সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানেরা। সংসদ ভবনে প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির এই বৈঠক হয়। বৈঠকে সেনাবাহিনী-প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, নৌবাহিনী-প্রধান ভাইস অ্যাডমিরাল মুহাম্মদ ফরিদ হাবিব, বিমানবাহিনী-প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সংসদ সচিবালয় সূত্র জানায়, বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে আলোচনা হয়। কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, সংবিধান ও সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখেই আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমস্যার সমাধান সম্ভব। প্রসঙ্গত, গত ২৪ মার্চ বগুড়ার এক জনসভায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছিলেন, দেশে কোনো বিশৃঙ্খলা হলে সেনাবাহিনী বসে থাকবে না। বৈঠকে এ বিষয়ে আলোচনার সূত্রপাত করেন কমিটির সভাপতি ইদ্রিস আলী। তিনি বলেন, বিরোধীদলীয় নেতা বগুড়ায় যে বক্তব্য দিয়েছেন, তা উসকানিমূলক। তিনি সংবিধান-পরিপন্থী কাজ করেছেন। এ সময় কমিটির অন্য সদস্যরাও খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করেন। বৈঠক সূত্র জানায়, বৈঠকে হেফাজতে ইসলামের কর্মসূচিকে সাধুবাদ জানান কমিটির সদস্য জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেন, ‘শাহবাগের আন্দোলনের প্রতিক্রিয়া থেকে হেফাজতে ইসলামের সৃষ্টি হয়েছে। জাগরণ মঞ্চের কথামতো পতাকা উঠেছে, স্কুল-কলেজ চলেছে। যেন তারা পাল্টা সরকারব্যবস্থা তৈরি করেছে। এসব কর্মকাণ্ড গণতান্ত্রিক হতে পারে না। তাদের সঙ্গে নাস্তিক ব্লগাররা যোগ দিয়েছে।’ তবে এরশাদের এ বক্তব্যের সঙ্গে কমিটির অন্য সদস্যরা দ্বিমত পোষণ করেন। এরশাদের বক্তব্যের জবাবে ইদ্রিস আলী বলেন, ‘ইসলামের হেফাজত করেন স্বয়ং আল্লাহ। কোনো মানুষ ইসলামকে হেফাজত করতে পারে না। তাদের এ দায়িত্ব কে দিয়েছে? ইসলাম নিয়ে যদি কেউ বিচলিত হন, তবে ধরে নিতে হবে তার ইমানের শক্তি দুর্বল।’এ বিষয়ে ইদ্রিস আলী প্রথম আলো ডটকমকে বলেন, ‘কমিটি বলেছে, কেউ যদি অপরাধ করে থাকে, সেটা “আমার দেশ” পত্রিকা করেছে। তারা ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। সারা দেশের ব্লগারের সংখ্যা তো হাতেগোনা। এদের মধ্যে সবাই তো আর নাস্তিক নয়। সুতরাং ঢালাওভাবে শাহবাগ আন্দোলন বা ব্লগারদের দোষ দেওয়াটা অন্যায়।’এ সময় কমিটির সদস্যরা হেফাজতে ইসলামের কর্মসূচিতে জাতীয় পার্টির পক্ষ থেকে খাবার ও পানি সরবরাহের কারণ জানতে চান। এর ব্যাখ্যায় এরশাদ কমিটিকে বলেন, ‘ওরা তো জামায়াত না। মুসলমান হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে ওদের পানি আর খাবার সরবরাহ করেছি। তা ছাড়া, আমিও তো একটা দল করি। জনমত সৃষ্টির জন্য আমাকে কাজটি করতে হয়েছে। আমি না করলে অন্য কেউ তো সেই সুযোগ নিয়ে ফেলত। সুতরাং, আমি পানি সরবরাহ করে কোনো ক্ষতি করিনি।’ তিনি আরও বলেন, ‘আমি সরকারের সঙ্গে আছি, সরকারের সঙ্গে থাকব।’ সংসদ সচিবালয় থেকে জানানো হয়, বৈঠকে সরকার উত্খাতের অপচেষ্টার সঙ্গে জড়িত পলাতক ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করার কাজ দ্রুত শেষ করার পরামর্শ দেওয়া হয়।ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য এইচ এম এরশাদ, নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, মঞ্জুর কাদের কোরাইশী এবং প্রধানমন্ত্রীর প্রতিনিধি এম এ মান্নান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।