সশস্ত্র বাহিনী দিবস আজ
আজ ২১ নভেম্বর সোমবার সশস্ত্র বাহিনী দিবস। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ দিবসটি উদ্যাপিত হবে।দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমানবাহিনী ঘাঁটির মসজিদে ফজরের নামাজের পর দেশের কল্যাণ, সমৃদ্ধি ও সশস্ত্র বাহিনীর উন্নতি এবং অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে। সকালে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. জিল্লুর রহমান এবং প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন। সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন, নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদ এবং বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল শাহ মো. জিয়াউর রহমান নিজ নিজ বাহিনীর পক্ষে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন। তাঁরা বঙ্গভবনে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।প্রধানমন্ত্রী দিবসটি উপলক্ষে ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী, নির্বাচিত সংখ্যক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা জানাবেন। বিকেলে তিনি সেনাকুঞ্জে এক সংবর্ধনার আয়োজন করেছেন। এতে জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, বিরোধীদলীয় নেতাসহ বিভিন্ন স্তরের নির্বাচিত ও বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। এ ছাড়া তিন বাহিনীর প্রধানেরা দিবসটি উপলক্ষে নিজ নিজ বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা/তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন। ঢাকা ছাড়া বিভিন্ন সেনানিবাসেও সংবর্ধনার আয়োজন করা হবে।দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে ঢাকার বাইরে অন্যান্য সেনা গ্যারিসন, নৌ জাহাজ ও স্থাপনা, বিমানবাহিনীর ঘাঁটিতেও বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। ঢাকার সদরঘাট, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও মংলায় নৌবাহিনীর বিশেষভাবে সজ্জিত জাহাজগুলো আজ বেলা দুইটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে।দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। বিভিন্ন জাতীয় দৈনিকে আজ বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে।১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এই দিনে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণের সূচনা করেছিল। এর ফলে ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয়। এর পর থেকে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হয়।যান চলাচল সীমিত: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ ঢাকা সেনানিবাসের শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক যানজটমুক্ত রাখার লক্ষ্যে সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তি এবং আমন্ত্রিত অতিথিদের যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন চালকদের সকাল সাতটা থেকে সকাল সাড়ে ১০টা এবং দুপুর ১২টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত সেনানিবাস এলাকা দিয়ে চলাচল পরিহার করার অনুরোধ জানানো হয়েছে।