সশস্ত্র বাহিনীকে আধুনিক যুদ্ধসরঞ্জামে সজ্জিত করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে আরও নতুন নতুন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের দেওয়া হচ্ছে উন্নততর প্রশিক্ষণ। সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রযুক্তিসম্পন্ন যুদ্ধসরঞ্জাম দিয়ে সজ্জিত করা হচ্ছে।প্রধানমন্ত্রী গতকাল সোমবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে এক বৈকালিক সংবর্ধনায় এসব কথা বলেন।অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ, মন্ত্রিপরিষদের সদস্য, সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন, নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদ ও বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল শাহ মো. জিয়াউর রহমান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল আবদুল ওয়াদুদ ছাড়াও তিন বাহিনীর বিভিন্ন পদের কর্মকর্তা, সাংসদ, কূটনৈতিক মিশনের সদস্যসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তবে গত বছরের মতো এবারও সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আসেননি। বিএনপির প্রথম সারির কোনো নেতাকেও দেখা যায়নি।অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে শেখ হাসিনা বলেন, ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক করতে আমরা ন্যাশনাল ডিফেন্স কলেজ, নন-কমিশন অফিসার্স একাডেমি ও ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন অ্যান্ড ট্রেনিং প্রতিষ্ঠা করি। সেনাবাহিনীতে নতুন দুটি ব্রিগেড, একটি রিভারাইন ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ন, একটি সহায়তা ব্যাটালিয়ন, একটি অর্ডন্যান্স কোম্পানি ও একটি ফিল্ড অ্যাম্বুলেন্সসহ ৩৬টি ইউনিট স্থাপন করা হয়। এতে ১১ হাজার জনবল বৃদ্ধি পায়।’প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যদের দক্ষতা, উৎকর্ষতা ও মনোবল বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের ‘সাহসিকতা পুরস্কার’ দেওয়া হবে। এ ছাড়া দেওয়া হবে শান্তিকালীন পদক। সশস্ত্র বাহিনীর সদস্য ও তাঁদের পরিবারের লোকজন সুলভ মূল্যে বিপণন ও ব্যাংকিং সুবিধা পাবেন। এর সঙ্গে এককালীন ভাতা ও মাসিক অনুদানও দেওয়া হবে।প্রধানমন্ত্রী বলেন, নৌবাহিনীর বহরে এরই মধ্যে দুটি মেরিটাইম হেলিকপ্টার যুক্ত হয়েছে। দুটি মেরিটাইম এয়ার ক্রাফট সংযোজন করা হচ্ছে। তিনি আরও বলেন, বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে নতুন চারটি এফ-৭ জঙ্গি বিমান। এরই মধ্যে বিমানবাহিনীর জন্য আটটি মিগ-২৯ যুদ্ধবিমান কেনা হয়েছে। দক্ষিণাঞ্চলসহ বঙ্গোপসাগরে নিবিড় পর্যবেক্ষণের জন্য কক্সবাজারে একটি পূর্ণাঙ্গ বিমানঘাঁটি স্থাপন করা হচ্ছে। এ ছাড়া উন্নত প্রযুক্তির বেশ কয়েকটি যুদ্ধবিমান ও হেলিকপ্টার কেনা হচ্ছে।শেখ হাসিনা বলেন, ‘বিডিআর বিদ্রোহের ঘটনায় বিচারকাজ ত্বরান্বিত করার জন্য আইন সংশোধন করা হয়েছে। এ মামলায় ৮০০ জনের মতো আসামি রয়েছে। এত আসামি পৃথিবীতে আর কোনো মামলায় আছে কি না, আমার জানা নেই।’সশস্ত্র বাহিনী দিবস উদ্যাপন: এদিকে নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল সশস্ত্র বাহিনী দিবস উদ্যাপিত হয়। সব সেনানিবাস, নৌঘাঁটি, স্থাপনা ও বিমানবাহিনীর ঘাঁটিতে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাত করার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিন বাহিনীর প্রধানেরা পুষ্পস্তবক অর্পণ করেন।তিন বাহিনীর প্রধানেরা সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি এবং ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকার, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সম্মানে সকালে সংবর্ধনার আয়োজন করেন। এতে প্রধানমন্ত্রী বলেন, বীরশ্রেষ্ঠদের মাসিক ভাতা ১১ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ১৪ হাজার ৪০০ টাকা এবং শহীদ পরিবারের ভাতা পাঁচ হাজার ৮৫০ থেকে বাড়িয়ে সাত হাজার ২০ টাকা করা হয়েছে। তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ পড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্তির জন্য এরই মধ্যে সব জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। জাতীয় খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ভিআইপি মর্যাদা দেওয়ার বিষয়টি বিবেচনাধীন রয়েছে।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের হাতে সম্মানীর চেক ও উপহার হিসেবে দোয়েল ল্যাপটপ তুলে দেন।