সশস্ত্র বাহিনীকে কারিগরি সাহায্য ও প্রশিক্ষণ দেবে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে কারিগরি সাহায্য ও প্রশিক্ষণ দিতে আগ্রহ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের কমান্ডার জেনারেল গ্যারি এল নর্থ সাক্ষাত্ করে এই আগ্রহের কথা জানান।প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, জেনারেল গ্যারি পৃথিবীর বিভিন্ন দেশে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে কর্মরত বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। তিনি বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহ ও ভূমিকারও প্রশংসা করেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ১৯৯১ সালের ২৯ এপ্রিল প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে কয়েক লাখ মানুষের প্রাণহানি ঘটে। ওই সময়ের বিএনপি সরকার পরিস্থিতি সামাল দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়। তখন মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিন ফোর্স দুর্গত মানুষকে সহায়তা করার জন্যে এগিয়ে আসে। দেশের দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড় সিডর আঘাত হানলে মার্কিন যুক্তরাষ্ট্র দুর্গত মানুষকে সাহায্য ও সহযোগিতা দেয়।প্রাকৃতিক দুর্যোগে মার্কিন বাহিনীর সাহায্য-সহযোগিতা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।এ সময় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লাহ ওয়াহিদুজ্জামান ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। —বাসস।