সশস্ত্র বাহিনীতে পিলখানা পুনরাবৃত্তির হুমকি শোনা যাচ্ছে: খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া অভিযোগ করেছেন, পিলখানা হত্যাযজ্ঞের ঘটনায় মূল ষড়যন্ত্রকারীদের সংশ্লিষ্টতা যাতে প্রকাশ না পায়, তার জন্য জিজ্ঞাসাবাদের নামে অনেক বিডিআর সদস্যকে ঠেলে দেওয়া হয়েছে রহস্যজনক মৃত্যুর পথে। বিডিআর আজ কাঠগড়ার আসামি।বিডিআর বিদ্রোহের দুই বছর উপলক্ষে আজ শুক্রবার মহানগর নাট্যমঞ্চে বিএনপি আয়োজিত আলোচনা সভায় খালেদা জিয়া এ অভিযোগ করেন। তিনি বলেন, সশস্ত্রবাহিনীতে পিলখানা বিপর্যয়ের পুনরাবৃত্তি ঘটানোর প্রচ্ছন্ন হুমকির কথাও শোনা যাচ্ছে।বিডিআর বিদ্রোহের ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে খালেদা জিয়া দাবি করেন, এই সরকারের আমলে ওই হত্যাযজ্ঞের কোনো সুবিচার হবে না। বিচারের নামে হবে প্রহসন, এ ব্যাপারে দেশবাসী নিশ্চিত।খালেদা জিয়া বলেন, বিডিআর হত্যাকাণ্ড সরকারের প্রথম এবং সবচেয়ে শোচনীয় কলঙ্কজনক ঘটনা। কেবল হত্যা ও নির্যাতন নয়, পিলখানায় নারীদের ওপর যে পৈশাচিক নির্যাতন চলেছে, তা বহুকাল মানুষের স্মৃতিকে তাড়িত করবে। এসব বীভত্সতা ও চরম অপমান সশস্ত্র বাহিনীর নৈতিক শক্তি ও মনোবলের ওপর যথেষ্ট প্রতিকূল প্রভাব ফেলেছে। এর মাধ্যমে সশস্ত্র বাহিনী ও প্রতিরক্ষাব্যবস্থার যে অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।বিএনপি চেয়ারপারসন অভিযোগ করেন, শাসক পরিবারের এক ভাগ্যের বরপুত্র হাজার হাজার কোটি ডলার লুট করে বিদেশি ব্যাংকে গড়েছে সঞ্চিত অর্থের পর্বত। কেবল ভারতীয় এয়ারটেলের কাছে ওয়ারিদের শেয়ার কেনা-বেচায় কারসাজির মাধ্যমেই হাতিয়ে নিয়ে গেছে কয়েক শ কোটি টাকা। ৬৪ হাজার কোটি টাকা লুট হয়েছে শেয়ারবাজার থেকে। এর বিরাট অংশ বাইরে চলে গেছে। তিনি বলেন, সরকার কেবল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নয়, দেশের সম্মানিত ও বরেণ্য নাগরিকদেরও নানাভাবে অপমান ও হেনস্তা করছে।বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আ স ম হান্নান শাহ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ বক্তব্য দেন।