সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সর্বাত্মক পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার সশস্ত্র বাহিনীকে অধিকতর পেশাদার ও সুশৃঙ্খল করার লক্ষ্যে এর আধুনিকায়নে সর্বাত্মক পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, তাঁর সরকার উচ্চতর প্রশিক্ষণ ও সরঞ্জামাদির ব্যবস্থাসহ সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের উদ্যোগ নেবে, যাতে বাংলাদেশ আরও অধিক সংখ্যক শান্তিরক্ষী পাঠাতে পারে।প্রধানমন্ত্রী আজ রোববার বিকেলে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস-২০১০ উপলক্ষে আয়োজিত সংবর্ধনায় তাঁর ভাষণে এ কথা বলেন।বিডিআরের বিদ্রোহীদের যথাযথ বিচারের সম্মুখীন করতে তাঁর সরকারের প্রতিশ্রুতির কথা উল্লে¬খ করে প্রধানমন্ত্রী বলেন, ঢাকার বাইরের বিডিআর ইউনিটগুলোর বিচারকাজ তিন মাসের মধ্যেই সম্পন্ন হবে এবং পিলখানার বিচার আরও ছয়-সাত মাস সময় লাগতে পারে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিচারকাজ যথাযথ ও ত্বরান্বিত করার লক্ষ্যে আইন সংশোধন করা হয়েছে। এ ছাড়া বিদ্রোহের বিচারকাজ দ্রুত করার জন্য ‘ডেলিগেশন অব পাওয়ারের’ ব্যবস্থা করা হয়েছে।সশস্ত্র বাহিনী দিবস মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে এক বিশেষ গৌরবময় স্থান দখল করে আছে উল্লে¬খ করে শেখ হাসিনা বলেন, এই দিনে তিন বাহিনী সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে যে আক্রমণ রচনা করেছিল, তা আমাদের চূড়ান্ত বিজয়কে ত্বরান্বিত করে। মুক্তিযুদ্ধের চেতনায় ভাস্বর সশস্ত্র বাহিনীকে তিনি জাতীয় অহংকার হিসেবে বর্ণনা করেন এবং আশা প্রকাশ করেন, এই বাহিনী শিক্ষা-দীক্ষা, জ্ঞান-বিজ্ঞান, খেলাধুলাসহ বিভিন্ন স্তরে আন্তর্জাতিক মান অর্জনের মধ্য দিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করবে।সশস্ত্র বাহিনীকে একটি দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে বঙ্গবন্ধুর প্রচেষ্টার কথা উল্লে¬খ করে শেখ হাসিনা বলেন, স্বাধীনতা-উত্তর যুদ্ধবিধ্বস্ত দেশে সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও জাতির জনক একটি আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন। তিনি সেনাবাহিনীর জন্য সামরিক একাডেমি, কম্বাইন্ড আর্মড স্কুল ও প্রতিটি কোরের জন্য ট্রেনিং স্কুলসহ অনেক প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন। এ ছাড়া একটি শক্তিশালী নৌবাহিনী গঠনের লক্ষ্যে তিনি চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনী ঘাঁটি ‘ঈশাখাঁ’ উদ্বোধন করেন। বঙ্গবন্ধুর ব্যক্তিগত উদ্যোগে তত্কালীন যুগোশ্লাভিয়া থেকে নৌবাহিনীর জন্য জাহাজ সংগ্রহ করা হয়।—বাসস