সশস্ত্র বাহিনীর কেনাকাটায় স্বচ্ছতা আনতে আইন প্রণয়নের সুপারিশ সংসদীয় কমিটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সশস্ত্র বাহিনীর সব কেনাকাটায় আরও স্বচ্ছতা আনতে একটি আইন প্রণয়নের সুপারিশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। সরকারি অন্যান্য কেনাকাটার জন্য বিদ্যমান গণখাতে ক্রয় আইনের (পিপিআর) মতো এ ধরনের একটি আইন করার প্রস্তাব করা হয়েছে। আজ বৃহস্পতিবার সংসদ ভবনে প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় এ কথা বলা হয়। কমিটির সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে সভায় মুহম্মদ জমিরউদ্দিন সরকার, মুজিবুল হক, নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, রফিকুল ইসলাম, মঞ্জুর কাদের কোরাইশী এবং প্রধানমন্ত্রীর প্রতিনিধি এম এ মান্নান অংশ নেন।সশস্ত্র বাহিনীর কেনাকাটায় আরও স্বচ্ছতা আনার ওপর গুরুত্বারোপ করে সভায় এক সাংসদ বলেন, সশস্ত্র বাহিনীর সব কেনাকাটা একটি আইনের অধীনে হলে ভবিষ্যতে এ নিয়ে কোনো বিতর্ক হবে না। সরকারি দলের একজন সাংসদ এ প্রস্তাব উত্থাপন করলে বিএনপির সাংসদ জমিরউদ্দিন সরকারও এর সঙ্গে একমত পোষণ করেন বলে জানা গেছে। এ নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনার পর গণখাতে ক্রয় আইনের আদলে সশস্ত্র বাহিনীর কেনাকাটার জন্য একটি পৃথক আইন প্রণয়নের প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়। সভায় ক্যাডেট কলেজ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনী পরিচালিত স্কুল ও কলেজ এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজগুলোর ওপর চারটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। কমিটির সদস্যরা প্রতিবেদনের ওপর তাঁদের মতামত দেন।সভায় ক্যাডেট কলেজগুলোতে আসন সংখ্যা এবং মেয়েদের ভর্তির সুযোগ বাড়ানোর সুপারিশ করা হয়। কমিটির পক্ষ থেকে দেশের বৃহত্তর ২০টি জেলায় পর্যায়ক্রমে একটি করে ক্যাডেট কলেজ স্থাপনের ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়। এ ছাড়া আগের পরিকল্পনা অনুসারে হাওর অঞ্চলে একটি নতুন ক্যাডেট কলেজ স্থাপনের কাজ দ্রুততম সময়ে শেষ করার সুপারিশ করা হয়। সেনাপ্রধান জেনারেল আবদুল মুবীন, নৌবাহিনীর প্রধান ভাইস এডমিরাল জহিরউদ্দিন আহমদ, বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল জিয়াউর রহমান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব খোন্দকার মো. আসাদুজ্জামান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।বৈঠক শেষে কমিটির সভাপতি ইদ্রিস আলী সাংবাদিকদের বলেন, সশস্ত্র বাহিনীর কেনাকাটায় আরও স্বচ্ছতা আনার জন্য পিপিআরের আদলে একটি আইন করতে বলা হয়েছে। কারণ সশস্ত্র বাহিনীর জন্য প্রতিবছরই বিপুল পরিমাণ কেনাকাটা করতে হয়। একটি সুনির্দিষ্ট আইন থাকলে এ ধরনের কেনাকাটায় গতি এবং স্বচ্ছতা দুটিই বজায় থাকবে।