সশস্ত্র বাহিনীর বীরত্বপূর্ণ পদকের নাম পরিবর্তন
সশস্ত্র বাহিনীতে বীরত্বপূর্ণ ও সাহসিকতাপূর্ণ কাজের জন্য পদকের নতুন নামকরণ করা হয়েছে। সাহসিকতাপূর্ণ অবদানের জন্য নতুনভাবে নামকরণ করা চারটি পদক হলো বীর সর্বোত্তম, বীর মৃত্যুঞ্জয়, বীর চিরঞ্জীব ও বীর দুর্জয়।আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ এসব তথ্য দেন। প্রেস সচিব জানান, স্বাধীনতাযুদ্ধের সময় সাহসিকতাপূর্ণ অবদানের জন্য দেওয়া চারটি পদক বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক নামে আর কোনো পদক দেওয়া হবে না। স্বাধীনতার পর এ নামে যাঁরা পদক পেয়েছেন, তাঁদের পদকের সঙ্গে সালের নাম উল্লেখ থাকবে।জানা যায়, মুক্তিযুদ্ধের পর দেশের অভ্যন্তরীণ দায়িত্ব পালন করতে গিয়ে সাহসিকতাপূর্ণ কাজের জন্য সশস্ত্রবাহিনীর অনেকেই বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক পদক পেয়েছেন। মুক্তিযুদ্ধকালে দেওয়া পদক আলাদা রাখার জন্যই নতুন নামকরণ করা হয়েছে।