সস্তা প্রচারণার স্বার্থেই অভিযোগ: ভদ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে নীরবতা ভেঙে দুর্নীতিবিরোধী নেতা অরবিন্দ কাজরিওয়াল ও প্রশান্ত ভূষণের ওপর এক হাত নিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর জামাতা রবার্ট ভদ্র। দুর্নীতিবিরোধী নেতারা সস্তা প্রচারণার স্বার্থে তাঁর বিরুদ্ধে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলছেন বলে এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাত্কারে আজ রোববার অভিযোগ করেছেন তিনি। সাক্ষাত্কারে সোনিয়ার জামাতা বলেন, ‘আমার সম্পদের আর্থিক বিবরণ নিয়ে কাজরিওয়াল ও ভূষণের উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার আমাকে ব্যথিত করেছে। সস্তা জনপ্রিয়তা ও নিজেদের রাজনৈতিক দলের স্বার্থে তাঁরা আমার ও আমার পরিবারের বিরুদ্ধে এ রকম মিথ্যাচার করছেন।’ ভদ্র তাঁর বিবৃতিতে বলেন, ‘আমি আইনের প্রতি আস্থাশীল একজন নাগরিক। ২১ বছর যাবত্ আমি ব্যবসা-বাণিজ্য করে যাচ্ছি। স্বচ্ছতার সঙ্গে আমি আমার যাবতীয় ব্যবসায়িক লেনদেন করে থাকি। যে কেউ চাইলেই পাবলিক ডোমেইগুলোতে এসব দেখতে পারে।’ অরবিন্দ কাজরিওয়াল ও প্রশান্ত ভূষণ গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, কংগ্রেস সভানেত্রীর জামাতা শিল্পপতি রবার্ট ভদ্র নির্মাণকারী প্রতিষ্ঠান ডিএলএফের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়েছেন। এরপর নির্মাণকারী প্রতিষ্ঠান এ বিষয়ে যে ব্যাখ্যা দিয়েছে অরবিন্দ কাজরিওয়াল আজ আরেক বিবৃতিতে তাকে অর্ধ সত্য আর অর্ধ মিথ্যার সংমিশ্রণ বলে জানিয়েছেন। তিনি বলেন, প্রতিষ্ঠানটি বহু তথ্য গোপন করেছে। এনডিটিভি, দ্য হিন্দু।