সহ-উপাচার্যের দপ্তর ভাঙচুর, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মকর্তা-কর্মচারী পদে নিয়োগকে কেন্দ্র করে গতকাল শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সহ-উপাচার্যের দপ্তর ভাঙচুর ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ হয়েছে। নিয়োগ না পেয়ে ছাত্রলীগের নেতা-কর্মী ও সাধারণ প্রার্থীরা এভাবেই ক্ষোভ প্রকাশ করেন।গত চার বছরে ওই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে ব্যাপক অনিয়ম ও দলীয়করণের অভিযোগ রয়েছে।২০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৪৪৭তম সভায় ১৮৪ জন কর্মচারী, ২৬ জন কর্মকর্তা, ২০ জন শিক্ষক নিয়োগের অনুমোদন করা হয়। এর ভিত্তিতে গতকাল সকালে প্রশাসনিক ভবন থেকে চাকরিপ্রাপ্ত ব্যক্তিদের নিয়োগপত্র দেওয়া শুরু হয়। খবর পেয়ে চাকরিপ্রার্থী তিন শতাধিক প্রার্থী সকাল থেকেই প্রশাসন ভবনে অবস্থান নেন। এর মধ্যে নিয়োগ না পাওয়া চাকরিপ্রার্থীদের একটি অংশ সকাল সাড়ে আটটায় সহ-উপাচার্য মুহম্মদ নূরুল্লাহর দপ্তর ও তাঁর সচিব মোজাফফর হোসেনের কক্ষ ভাঙচুর করে। খবর পেয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে চাকরিপ্রার্থীরা উপাচার্যের বাসভবনের সামনেও বিক্ষোভ করেন।অন্যদিকে কর্মকর্তা পদে নিয়োগ না পেয়ে বেলা পৌনে একটায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি মাসুদ রানার নেতৃত্বে ১০-১২ জন নেতা-কর্মী প্রশাসন ভবনে তালা লাগিয়ে দেন। এ সময় তাঁরা প্রশাসন ভবনের সামনে কয়েকটি চেয়ার ও প্রশাসন ভবনের জানালার বেশ কয়েকটি কাচ ভাঙচুর করেন। পরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আহম্মদ আলী ও সাধারণ সম্পাদক আবু হুসাইন ঘটনাস্থলে গিয়ে মাসুদকে শান্ত করেন। প্রায় আধা ঘণ্টা পর ভবনের তালা খুলে দেওয়া হয়।এ বিষয়ে ছাত্রলীগের নেতা মাসুদ রানা বলেন, ‘আমি শাখা কর্মকর্তা ও নিরীক্ষা কর্মকর্তা পদে আবেদন করি। কিন্তু প্রয়োজনীয় যোগ্যতা থাকা সত্ত্বেও টাকার বিনিময়ে জামায়াত-শিবিরের লোকদের নিয়োগ দেওয়া হয়েছে। এর প্রতিবাদে ছোট ভাইয়েরা উত্তেজিত হয়।’এ বিষয়ে উপাচার্য এম আবদুস সোবহান ও সহ-উপাচার্য নূরুল্লাহর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাঁদের নম্বর বন্ধ পাওয়া যায়। পরে প্রক্টর চৌধুরী মো. জাকারিয়া সাংবাদিকদের বলেন, ‘চাকরিপ্রত্যাশীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল। তবে পরিস্থিতি এখন শান্ত আছে।’সংশোধন: গতকাল শনিবার প্রথম আলোর শেষ পৃষ্ঠায় প্রকাশিত ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে যাচ্ছেতাই অবস্থা’ শীর্ষক প্রতিবেদনের একাংশে আইন ও বিচার বিভাগে ছয়জন শিক্ষকের মধ্যে একজন প্রার্থী নিয়োগের সময়ে স্নাতকোত্তরের মৌখিক পরীক্ষা শেষ করেননি উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে নিয়োগের সময়ে নয়, হবে আবেদনের সময়ে।