সহকর্মীদের প্রতি স্ত্রীর সন্দেহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নয়াটোলা পুলিশ ফাঁড়ির উপসহকারী পরিদর্শক (এএসআই) মিজানুর রহমানকে হত্যার ঘটনায় তাঁর সহকর্মীরা জড়িত থাকতে পারে—এ সন্দেহের কথা বলেছেন নিহতের স্ত্রী ফাতেমা বেগম। তিনি হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য মিজানের কর্মস্থল নয়াটোলা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) এনামুল ও অন্য কনস্টেবলদের জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন। জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপপরিদর্শক মো. হাসান বলেন, গতকাল বৃহস্পতিবার ঢাকার রমনা থানার নয়াটোলা ফাঁড়ির কর্মকর্তা এনামুলসহ আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।মিজানের স্ত্রী ফাতেমা বেগম গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, মিজান হত্যার সঙ্গে ফাঁড়ির লোকজন জড়িত থাকতে পারে। তা না হলে তারা কীভাবে জানে মিজান হত্যাকাণ্ডের শিকার হয়েছে?’ তিনি বলেন, তাঁকে মিজান প্রায়ই বলতেন ফাঁড়ির সহকর্মীদের সঙ্গে সম্পর্ক খারাপ যাচ্ছে। সর্বশেষ গত ২২ এপ্রিল সকালে ডিউটি করার সময় মগবাজার এলাকায় তিনজন বখাটেকে আটক করলে ওই এলাকার এক ব্যক্তি তাঁর সঙ্গে দুর্ব্যবহার করে। পরে ওই ব্যক্তি বখাটেদের ফাঁড়ি থেকে ছাড়িয়ে নিয়ে যায়। এ নিয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) উপপরিদর্শক এনামুলের সঙ্গে মিজানের সম্পর্ক আরও খারাপ হয়।ফাতেমার অভিযোগ, ‘যা কিছু ঘটনা ফাঁড়ির মধ্যেই ঘটেছে বলে আমার বিশ্বাস। মিজানের সহকর্মীরা আমাকে বলেছেন, মিজান ভোর পাঁচটায় ডিউটি শেষ করে ফাঁড়িতে হাজিরা দেয়। তারপর পোশাক পাল্টিয়ে বাড়ির উদ্দেশে রওনা হয়। কিন্তু মাত্র আড়াই ঘণ্টা পর ৮০ কিলোমিটার দূরে মির্জাপুরের পুষ্টকামুরি চরপাড়া থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। মাত্র আড়াই ঘণ্টার মধ্যে এ খুনের ঘটনা ঘটেছে, এটা আমি বিশ্বাস করি না। আমার বিশ্বাস, মিজানকে ঢাকায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়।’ তিনি বলেন, মিজান সবসময় ডিউটি শেষে তাঁর মোটরসাইকেল নিয়ে বাসায় ফিরতেন। কিন্তু সে দিন মোটরসাইকেল নেননি।সদ্য মা হওয়া ফাতেমা টাঙ্গাইলের মধুপুর উপজেলা সদরের রায়পাড়ায় বাবার বাড়িতে অবস্থান করছেন।এ ব্যাপারে জানতে চাইলে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবলী নোমান প্রথম আলোকে বলেন, মিজানের পরিবার থেকে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ করা হয়নি। পুলিশ ও গোয়েন্দা পুলিশ এ ঘটনায় বিভিন্ন দিক থেকে তদন্ত করছে বলে তিনি জানান।