সহকর্মীদের সঙ্গে সম্পর্ক
ছোটবেলা থেকেই প্রত্যেক মানুষেরই সময় কাটে পরিবারকে ঘিরে। আর কোনো কাজে বা চাকরিতে যোগ দিলে দিনের পুরোটা সময়ই কাটাতে হয় সহকর্মীদের সঙ্গে, যেখানে সুসম্পর্ক গড়ে তোলা বড় চ্যালেঞ্জ। কারণ, আপনার সহকর্মীর সঙ্গে যদি বন্ধুসুলভ সম্পর্ক গড়ে না ওঠে, তাহলে সহজ কাজটাও কঠিন হয়ে যায়। প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন ও নিজেকে এগিয়ে নেওয়ার পাশাপাশি কাজে আনন্দ পেতে কর্মস্থলে সবার সঙ্গে চাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সহকর্মীদের সঙ্গে সম্পর্কের বিষয়টাকে এভাবেই তুলে ধরলেন এসিআই লিমিটেডের প্রশিক্ষণ ও উন্নয়ন বিভাগের প্রধান মইনুল ইসলাম। তিনি বলেন, কাজের জায়গাটি হতে হবে পরিবারের মতো ও বন্ধুত্বপূর্ণ। এতে কাজে যেমন আসবে গতি, তেমনি পাওয়া যাবে আনন্দ। স্বামী বা স্ত্রী কিংবা ভাই-বন্ধু, পিতা-পুত্র পরস্পর সহকর্মী হলে কাজের ক্ষেত্রে কোনোভাবে যেন ব্যক্তিগত সম্পর্কের কোনো প্রভাব না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। সহকর্মী ছোট বা বড়: কর্মক্ষেত্রে সহকর্মীরা বয়সে বড় ও ছোট হতে পারেন। সেজন্য বিব্রতকর অবস্থা এড়াতে ছোটদের প্রতি স্নেহ আর বড়দের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে; পাশাপাশি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে নিজ নিজ দায়িত্ব পালন করা উচিত ।আস্থা গড়ে তোলা: সবাই কর্মক্ষেত্রে একজন নির্ভরযোগ্য সহকর্মী খোঁজেন, যেন তাঁর ওপর ভরসা করা যায়। তাই কথা ও কাজে মিল রাখুন। সততা ও যোগ্যতা দেখিয়ে সময়মতো কাজ শেষ করুন। কাজের ক্ষেত্রে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করুন, যাতে সহকর্মীরা আপনার ওপর নির্ভর করতে পারেন। পাশাপাশি ঠিক সময়ে অফিসে আসুন। সম্ভব না হলে আগেই ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোন করে জানিয়ে দিন।সচেতনতা: যে প্রতিষ্ঠানে কাজ করছেন, এর সম্পর্কে বিস্তারিত জেনে রাখুন। প্রথমেই ঠিক করুন, আপনি প্রতিষ্ঠানে কীভাবে অবদান রাখবেন। নিজের কাজ সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখুন। সঙ্গে ভেবে নিন, কীভাবে শুরু করবেন। অন্য কারও ওপর নির্ভরশীল না হয়ে খুব প্রয়োজনে সহযোগিতা নিন।দলগত অংশগ্রহণ: এ কাজগুলো আমার চাকরির শর্তে নেই, এটা তো আমার দায়িত্ব নয়, এই কাজ তো আমার করার কথা নয়—এ ধরনের কথা কাজের ক্ষেত্রে একেবারে বেমানান। অন্য সবার মতো আপনারও লক্ষ্য হবে প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়া। তাই কোনো কাজে সহকর্মীকে সহায়তা করতে বলা হলে তা করা উচিত।সবার সঙ্গে মিলে দলবদ্ধ হয়ে কাজ করুন। বিনয়ী হোন: সব সহকর্মীর সঙ্গে আচরণ ও কথাবার্তায় বিনয়ী হোন। বিভিন্ন বিষয়ে সহকর্মীকে সমর্থন করুন। পরিবাবের খোঁজ-খবর নিন। বিপদ-আপদে সাহস জোগান।সহযোগী হোন: সহকর্মীর লক্ষ্য অর্জনে কোনো বাধা থাকলে তা দূর করতে তাকে সাহায্য করুন। কর্মক্ষেত্রে বা পারিবারিক জীবনে আপনি যেকোনো অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হতে পারেন। এ থেকে উদ্ধারের জন্য সহকর্মীর সাহায্য নিন। মনে রাখতে হবে, ভালো সহকর্মী হতে হলে পারস্পরিক সহযোগিতার কোনো বিকল্প নেই।