সহকর্মীর দেওয়া ‘প্যাকেট’ বিস্ফোরণ তরুণী আহত
অফিসে পৌঁছে দেওয়ার জন্য সহকর্মী কম্পিউটার প্রোগ্রামার মুঠোফোনের একটি প্যাকেট দিয়েছিলেন তাঁকে। তরুণী সহকর্মী তা নিজের ব্যাগে নিয়ে অফিসে ফিরছিলেন। কিন্তু দুই মিনিটের মধ্যেই সেটি বিস্ফোরিত হয়ে আহত হন ওই তরুণী (২৯)। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে এ ঘটনা ঘটে।পুলিশের দাবি, বিস্ফোরিত বোমাটি ছিল মোবাইল ফোন-নিয়ন্ত্রিত। এ বোমা এর আগে দেশে দেখা যায়নি বলেও দাবি তাদের।আহত তরুণী জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছেন। তিনি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে (বিসিসি) সহকারী প্রোগ্রামার হিসেবে কর্মরত। তাঁর কাছে ‘বোমা রাখতে দেওয়া’র অভিযোগে পুলিশ একই দপ্তরের তাঁর সহকর্মী প্রোগ্রামার জুবায়ের আহমেদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। পুলিশের দাবি, জুবায়েরকে অভিযান চালিয়ে আগারগাঁও এলাকা থেকে ধরা হয়েছে। তবে পঙ্গু হাসপাতাল সূত্র বলছে, আহত ওই সহকর্মীকে দেখতে গেলে তাঁকে আটক করে পুলিশ।পুলিশ জানায়, জুবায়েরের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল বিকেলে নুরুল ইসলাম ও রাতে উজ্জ্বল নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। খোঁজা হচ্ছে আরেকজনকে। এরা ২০ হাজার টাকার বিনিময়ে বোমাটি তৈরি করে দিয়েছেন বলে পুলিশকে জানিয়েছেন জুবায়ের। পুলিশের ভাষ্যমতে, জুবায়ের তাদের আরও বলেছেন, সহকর্মীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন থেকে মেয়েটিকে ‘শিক্ষা দিতে’ তিনি বোমাটি কৌশলে তরুণীর হাতে তুলে দেন।পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া জুবায়ের বিবাহিত এবং তাঁর সন্তানও রয়েছে। একই প্রতিষ্ঠানে কাজ করায় তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়, কিন্তু কোনো প্রেমের সম্পর্ক গড়ে ওঠেনি। তবে জুবায়েরের দাবি, মেয়েটি প্রথমে তাঁকে প্রেমের কথা বললেও তিনি সাড়া দেননি। পরে জুবায়ের আগ্রহী হলেও মেয়েটি সাড়া দিচ্ছিল না। এতে জুবায়ের ক্ষুব্ধ হন এবং তাঁকে ‘শিক্ষা দেওয়ার’ পরিকল্পনা করেন। সেই ক্ষোভ বন্ধুদের কাছে প্রকাশ করলে তাঁরা জুবায়েরকে সাহায্যের প্রতিশ্রুতি দেন এবং ২০ হাজার টাকার বিনিময়ে বোমাটি বানিয়ে দেন।পঙ্গু হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, বিস্ফোরণে মেয়েটির হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতের সৃষ্টি হয়েছে।বিস্ফোরণ: গতকাল বেলা সাড়ে ১১টার দিকে আগারগাঁওয়ের পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) কার্যালয়ের সামনের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় মেয়েটির হাতব্যাগের ভেতরে বোমাটি বিস্ফোরিত হয়। সেখানে মালেক শেখের চায়ের দোকানে বসে ছয়-সাতজন চা পান করছিলেন। মালেক শেখ প্রথম আলোকে বলেন, ‘হঠাৎ বুম কইরা আওয়াজ শুইনা তাকায়া দেহি মাইয়াডা “আমারে বাঁচান, আমারে বাঁচান” বইলা চিক্কুর পাড়তাছে আর লাফাইতাছে। হ্যার শইল দিয়া টপটপ কইরা রক্ত পড়তাছে।’দোকানে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা বলেন, বিস্ফোরণে মেয়েটির কোমরের বাঁ পাশ ঝলসে যায়। ভ্যানিটি ব্যাগের জিনিস ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আশপাশে। বোমা বহনকারী মনে করে তাঁরা কেউ তাঁকে সাহায্য করেননি। কয়েক মিনিট পরে অ্যাপ্রোন পরিহিতা এক তরুণী (সম্ভবত চিকিৎসাবিজ্ঞানের ছাত্রী) পথচারী তাঁকে রিকশায় করে হাসপাতালে নিয়ে যান। পরে পুলিশ এসে ছড়িয়ে-ছিটিয়ে থাকা জিনিসপত্র কুড়িয়ে নিয়ে যায়। ব্যাগে বোমা এল যেভাবে: পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইমাম হোসেন জানান, গ্রেপ্তারের পর জুবায়ের বলেছেন, গতকাল সকাল সাড়ে আটটার দিকে কাজীপাড়া এলাকায় নুরুল ইসলামের কাছ থেকে তিনি বোমাটি সংগ্রহ করেন। এরপর তিনি অফিসে আসেন। অফিস থেকে মেয়েটিকে তিনি ইসলামিক ফাউন্ডেশনের সামনে ডেকে নেন। সেখানে বোমার প্যাকেটটি মেয়েটির কাছে দিয়ে অফিসে তাঁর টেবিলে রাখতে বলেন। একটু পরেই বোমাটি বিস্ফোরিত হয়।আহত তরুণীর বড় বোন ও বড় ভাই পঙ্গু হাসপাতালে প্রথম আলোকে বলেন, ইসলামিক ফাউন্ডেশন থেকে বিসিসি কার্যালয় পাঁচ মিনিটের হাঁটাপথ। সেখানে জুবায়ের কালো রঙের একটি মোবাইলের প্যাকেট ওর হাতে দিয়ে বলেন, ‘অফিসে আমার টেবিলে রেখে দিয়ো।’ মেয়েটি তা নিয়ে অফিসের দিকে হাঁটা শুরু করেন। দুই মিনিটের মধ্যে বোমাটি বিস্ফোরিত হয়।বোমার ধরন: তেজগাঁও বিভাগের উপকমিশনার ইমাম হোসেন দাবি করেন, জুবায়ের তাঁদের জানিয়েছেন, বোমাটি ছিল মুঠোফোন-নিয়ন্ত্রিত। বোমার সঙ্গে ওই প্যাকেটে একটি মুঠোফোনও ছিল। পুলিশ ওই মুঠোফোনটির সিমকার্ড, মাদারবোর্ড, কিপ্যাড, বহিরাবরণসহ কিছু লোহার টুকরা ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে। আর মেয়েটির মুঠোফোন তাঁর হাতেই অক্ষত ছিল বলে জানান এই পুলিশ কর্মকর্তা।মহানগর গোয়েন্দা পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে গিয়েছিল। সেই দলের সহকারী কমিশনার ছানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, লোহার পাইপের ভেতরে বিস্ফোরক ঢুকিয়ে বোমাটি তৈরি করা হয়েছে। জুবায়ের যেভাবে বলেছে, সেটি সত্য হলে অর্থাৎ এটি বিস্ফোরণের জন্য মুঠোফোনে ব্যবহার করা হলে বলতে হবে, এটা খুবই উচ্চ প্রযুক্তির বোমা। এ প্রযুক্তির বোমা এর আগে দেশে পাওয়া যায়নি।