সহকর্মীর মৃত্যুর গুজবে আশুলিয়ায় ব্যাপক সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকর্মীকে মেরে ফেলার গুজবে বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকার উপকণ্ঠ আশুলিয়ায় অন্তত ৫০টি পোশাক কারখানায় ধ্বংসযজ্ঞ চালিয়েছেন। তাঁরা গতকাল শনিবার তিন ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়া এলাকা অবরোধ করে যানবাহন ভাঙচুর করেন। এ নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে পুলিশ, পথচারী, পোশাকশ্রমিকসহ শতাধিক ব্যক্তি আহত হন। এ সময় বাসের চাপায় এক নারী শ্রমিক মারা যান।বিক্ষুব্ধ শ্রমিকেরা শিল্পাঞ্চল পুলিশের কনস্টেবল মফিজউদ্দিনের মাথা ফাটিয়ে তাঁর শটগান ছিনিয়ে নিয়ে গেছেন। ঘটনার পর আশুলিয়া শিল্পাঞ্চল এলাকার তিন শতাধিক কারখানা তাৎক্ষণিক বন্ধ ঘোষণা করা হয়।জানতে চাইলে ঢাকার পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, নিছক মৃত্যুর গুজবে বিক্ষুব্ধ পোশাকশ্রমিকেরা ভাঙচুর চালান এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে। পুলিশের কাছ থেকে শটগান লুট হওয়ার কথা স্বীকার করে ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বলেন, অস্ত্রটি উদ্ধারে অভিযান চলছে।ঘটনার সূত্রপাত: আশুলিয়ার বাংলাবাজারে গত বৃহস্পতিবার হা-মীম গ্রুপের পলি প্যাকেজিং নামে একটি প্রতিষ্ঠানের ভান্ডাররক্ষক সোলায়মানের সঙ্গে ওই গ্রুপের আরেকটি প্রতিষ্ঠান আর্টিস্টিক ডিজাইন লিমিটেডের পরিচালক মোফাখখারুল ইসলামের প্রথমে কথা-কাটাকাটি এবং পরে হাতাহাতি হয়। এ ঘটনার পর সোলায়মানকে আশুলিয়া থানায় সোপর্দ করা হয়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম বলেন, ৩ মে অপর একটি পোশাক কারখানার কর্মকর্তার দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। এক দিনের রিমান্ড শেষে গতকাল তাঁকে আদালতে পাঠানো হয়েছে।হা-মীম গ্রুপের আর্টিস্টিক ডিজাইন লিমিটেডের নিরাপত্তাকর্মী আবুল কাশেম প্রথম আলোকে বলেন, গতকাল সকাল আটটায় পলি প্যাকেজিং লিমিটেডের শত শত কর্মী কর্মস্থলে আসেন। এ সময় ভান্ডাররক্ষক সোলায়মানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে প্রতিষ্ঠানটি ভাঙচুর শুরু করেন। তাঁরা আর্টিস্টিক ডিজাইনেও ভাঙচুর চালান।বিক্ষোভ-ভাঙচুর-অগ্নিসংযোগ: মৃত্যুর গুজব নরসিংহপুরের হা-মীম গ্রুপের পোশাক কারখানায় ছড়িয়ে পড়লে শ্রমিকেরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠেন। বিক্ষুব্ধ শত শত শ্রমিক হা-মীম গ্রুপের নিচতলা থেকে ১০ তলা, পাশের ভবনের নিচতলা থেকে সাত তলা, আরেকটি ভবনের প্রতিটি কক্ষ এবং পাশের গুদামে ব্যাপক ভাঙচুর করেন। তাঁরা তৈরি পোশাক নিচে এনে তাতে আগুন ধরিয়ে দেন; ভবনের সামনে রাখা ১২টি কাভার্ড ভ্যান ও তিনটি মাইক্রোবাসে ভাঙচুর চালান এবং একটি কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেন। সকাল সাড়ে নয়টার পর তাঁরা কারখানার বাইরে প্রধান সড়কে অবস্থান নেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান।হা-মীম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবাসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ প্রথম আলোকে বলেন, গুজবকে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষের সূত্রপাত। কারাগারে থাকা সোলায়মানকে জামিনের ব্যবস্থা করে শ্রমিকদের সামনে হাজির করা হবে। তিনি জানান, উদ্ভূত পরিস্থিতিতে আশুলিয়ার হা-মীম গ্রুপের সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।পুলিশ-শ্রমিক সংঘর্ষ: প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, হা-মীম গ্রুপের শ্রমিকদের একাংশ যায় আশুলিয়ার জিরাবো বাজারের দিকে, অপর অংশ বাংলাবাজারের দিকে। আর ওই গ্রুপের বাংলাবাজারের কারখানার পোশাকশ্রমিকেরা নরসিংহপুরের দিকে যেতে থাকেন। তাঁরা আশপাশের পোশাকশ্রমিকদের বের করে আনতে কারখানায় ইটপাটকেল ছুড়ে ভাঙচুর করতে থাকেন। একপর্যায়ে কয়েক হাজার পোশাকশ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাংলাবাজার, ইউনিক, জামগড়া, নরসিংহপুর, জিরাবো ও বাইপাইল পর্যন্ত আড়াই কিলোমিটার এলাকাজুড়ে সড়কে যানবাহন ভাঙচুর শুরু করেন। তাঁরা প্রধান সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে আতঙ্কের সৃষ্টি করেন। এই দৃশ্য ধারণ করতে গেলে বিক্ষুব্ধ শ্রমিকেরা প্রথম আলোর প্রতিবেদকের ক্যামেরা কেড়ে নেন এবং বেরসকারি তিনটি টিভি চ্যানেলের ক্যামেরা ভাঙচুর করেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা দাবি করেন, সাংবাদিকদের তোলা ছবি প্রচারিত হওয়ার পর তাঁরা পুলিশের হাতে ধরা পড়েন। এ কারণে তাঁরা এক সাংবাদিককে বহন করা মোটরসাইকেলও ভাঙচুর করেছেন।এ সময় আশুলিয়া থানার পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও শিল্পাঞ্চল পুলিশ তাঁদের বাধা দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। শ্রমিকেরা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়তে থাকেন। পুলিশ লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলেও কিছুক্ষণ পর তাঁরা আবার সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে শিল্পাঞ্চল পুলিশের কনস্টেবল মফিজউদ্দিনের কাছ থেকে শটগান লুট করে নেওয়া হয়। দুপুর ১২টা পর্যন্ত এ অবস্থা চলে। পুলিশ কাঁদানে গ্যাস ছুড়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। একপর্যায়ে পুলিশ শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পথচারী, পোশাকশ্রমিক, পুলিশসহ শতাধিক ব্যক্তি আহত হয়। এদের মধ্যে অন্তত ১০ জন পথচারী গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে। আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করেছে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হলে দুপুর সাড়ে ১২টায় যান চলাচল শুরু হয়।ঘটনাস্থলে উপস্থিত ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, সংঘর্ষে পুলিশের ২০ জন সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজন নারী সদস্য রয়েছেন।গাড়িচাপায় পোশাকশ্রমিকের মৃত্যু: সংঘর্ষ চলাকালে পোশাকশ্রমিক কামরুননাহার রাস্তা পার হতে দৌড় দিলে একটি বাস তাঁকে ধাক্কা দেয়। পেছন থেকে এ সময় আরেকটি বাস তাঁকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। কামরুননাহারের স্বামী আবদুল করিম আশুলিয়ার জামগড়ায় ওপেক্স পোশাক কারখানার শ্রমিক। তাঁদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুরের বেড়াথাকুরিতে। মৃত্যুর পর কামরুননাহারের লাশ গ্রামের বাড়িতে নেওয়া হয়। উদ্ভূত পরিস্থিতি নিয়ে সভা: গতকাল বিকেল সাড়ে চারটার দিকে আশুলিয়ার হা-মীম গ্রুপের বাংলবাজারের একটি কারখানার সামনে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সভা হয়। এতে হা-মীম গ্রুপের চেয়ারম্যান এ কে আজাদ সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ এবং তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সংগঠনের (বিজিএমইএ) কর্মকর্তারা।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম প্রথম আলোকে বলেন, পুলিশের কাছ থেকে অস্ত্র লুটের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। অন্যদিকে, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায়ও পৃথক মামলা হবে।