সহকর্মীর রডের আঘাতে নির্মাণশ্রমিক নিহত
রাজধানীর মিরপুরে আজ দুপুরে সহকর্মীর রডের আঘাতে মোবারক হোসেন (৩০) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে মোবারক হোসেন বড়বাগে একটি নির্মাণাধীন ভবনের ছয়তলায় কাজ করছিলেন। এ সময় রড ওঠানো নিয়ে সহকর্মী শেখ মনির হোসেনের সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়।কথাকাটাকাটির একপর্যায়ে মনির এক টুকরো রড দিয়ে মোবারকের ঘাড়ে আঘাত করেন। এতে মোবারক লুটিয়ে পড়লে মনির রড দিয়ে তাঁকে আঘাত করতে থাকেন। এ সময় অন্য সহকর্মীরা মোবারককে বাঁচাতে এগিয়ে গেলে মনির তাঁদের মধ্যে দুজনকেও আঘাত করেন।গুরুতর আহত অবস্থায় মোবারককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী প্রথম আলোকে জানান, ঘটনার পর ঘাতক মনির পলাতক। এ ব্যাপারে নিহত মোবারকের স্ত্রী নাসিমা বেগম বাদী হয়ে মনিরকে আসামি করে মিরপুর থানায় হত্যা মামলা করেন।মোবারক তাঁর স্ত্রী ও এক সন্তান নিয়ে মিরপুর থানার মনিপুরে থাকতেন। তাঁর গ্রামের বাড়ি যশোরের ঝিকরগাছার ছোট্ট মেঘনায়।