সহকারী কমিশনারের ওপর হামলার ঘটনায় অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় গত বৃহস্পতিবার আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম জানান, তদন্ত শেষে গতকাল চাঁদপুরের বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্রটি দেওয়া হয়েছে। এতে এজাহারভুক্ত পাঁচ আসামিসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। গত ২২ ফেব্রুয়ারি সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান নিজ কার্যালয়ে দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন। পৌর বাজারে খাসজমিতে অবৈধ স্থাপনা নির্মাণে তিনি বাধা দেওয়ায় ওই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিনই তিনি কচুয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক এমরান হোসেন, আওলাদ হোসেন, সোহাগ, বিল্লাল হোসেন ও মামুনের বিরুদ্ধে কচুয়া থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন। অভিযোগপত্রে এজাহারভুক্ত পাঁচ আসামিসহ অন্য যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাঁরা হলেন আবদুস ছাত্তার, মো. সেলিম মুন্সি ও নাছির উল্যা।এ ছাড়া পৌর বাজারের ওই খাসজমিতে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ২৩ ফেব্রুয়ারি কচুয়া থানায় সাতজনের বিরুদ্ধে আরেকটি মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে।