সহকারী জজ নিয়োগে অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘পার্বত্য চট্টগ্রামে ন্যায়বিচার প্রতিষ্ঠা, জজ আদালত স্থাপন ও পরবর্তী করণীয়’ শীর্ষক কর্মশালায় প্রধান বিচারপতি বলেছেন, আরও ২৫০ জন সহকারী জজ নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হবে। তবে বার কাউন্সিলের পরীক্ষায় পাস করাসহ কয়েকটি শর্তও থাকছে। নতুন এই নিয়মকে সাধুবাদ জানাচ্ছি। কেননা বিচারকদের অবশ্যই ব্যবহারিক জ্ঞান থাকা উচিত। কিন্তু এই সিদ্ধান্ত গৃহীত হওয়ার সঙ্গে সঙ্গে নতুন শর্তে বিজ্ঞপ্তি দেওয়া হলে বিপুলসংখ্যক মেধাবী শিক্ষার্থী বার কাউন্সিলের সনদপত্রের অভাবে ষষ্ঠ বিজেএস পরীক্ষায় অংশ নিতে পারবেন না। তাই নতুন নিয়মে বিজ্ঞপ্তিটি একটু দেরিতে দেওয়া উচিত। তা ছাড়া ইন্টিমেশন (সদস্যপদের আবেদন) থেকে শুরু করে বার কাউন্সিল পরীক্ষার চূড়ান্ত ফলাফল পর্যন্ত দীর্ঘসময় পার হয়ে যায়। এই দীর্ঘ সময়ে কোর্টকেন্দ্রিক অনেক বাস্তব জ্ঞান অর্জিত হয়। বার কাউন্সিলের সনদেও শর্তের ব্যাপারে যাঁরা বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় অংশ নিয়েছেন, কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সময় চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়নি, তাঁদের সহকারী জজ নিয়োগের মৌখিক পরীক্ষার সময় বার কাউন্সিল সনদপত্র প্রদর্শন করতে হবে—এমন শর্তে প্রয়োজনীয় দলিল সাপেক্ষে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা উচিত। যেহেতু এখন থেকে বছরে একবার বার কাউন্সিল পরীক্ষা অনুষ্ঠিত হবে, তাই বার কাউন্সিলের পরীক্ষায় ‘অ্যাপিয়ার্ড’ (পরীক্ষায় অংশগ্রহণকারী) প্রার্থীদের শর্তের আওতায় অন্তর্ভুক্ত করার বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করার জন্য প্রধান বিচারপতিসহ সংশ্লিষ্ট কমিশন ও মন্ত্রণালয়ের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।তুহিন আহমেদ, ঝিনাইদহ।