সহকারী জজ নিয়োগের ফল: ওয়েবসাইটে নাটকীয়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘১১ সেপ্টেম্বর। সন্ধে পৌনে ছয়টা। হঠাৎ এক বন্ধু ফোন করে জানাল, পঞ্চম সহকারী জজ নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ঢুকলাম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) ওয়েবসাইটে। আমার রোল নম্বর ছিল ১৯০৭। ফলাফলের তালিকায় “১৯০৭” নম্বরটি জ্বলজ্বল করছে। জজ তাহলে হয়েই গেলাম! খুশিতে আত্মহারা হয়ে পরিবার-পরিজন ও কাছের কয়েকজন বন্ধুকে খবরটা জানালাম। চক্রবৃদ্ধি হারে জানাজানি হয়ে গেল খবরটা। তারপর শুরু অভিনন্দনবৃষ্টি। মুঠোফোনটি মুহূর্তের মধ্যে গরম হয়ে উঠল আত্মীয়স্বজন, কাছে-দূরের বন্ধু ও পরিচিতমহলের একের পর এক অভিনন্দনজ্ঞাপক ফোনে। আমার এই সাফল্যে স্বজন-সজ্জনদের এত খুশি, এত ভালোবাসা! আনন্দে চোখে জল চলে এল। রাত তখন আনুমানিক পৌনে ১১টা। এক বন্ধুর ফোন এল, “দোস্ত, তোর নম্বরটা পাচ্ছি না কেন? তুই বললি ১১৯ জন মনোনীত হয়েছে, তালিকায় তো দেখছি ১২০ জন।” কথাগুলো শুনে মাথা গুলিয়ে গেল। ওয়েবসাইটে ঢুকে দেখি, ঠিকই তো! আমার রোল নম্বরের জায়গায় অন্য নম্বর। সন্ধ্যার মনোনীত সংখ্যা ১১৯-এর জায়গায় ১২০। কী করে সম্ভব! সন্ধ্যায় এক তালিকা, আর রাতে আরেক তালিকা। পরদিন কমিশন থেকে জানলাম, প্রথম তালিকাটা ভুলে দেওয়া হয়েছিল। দ্বিতীয় তালিকাটাই সঠিক। কিন্তু মানুষকে কীভাবে বোঝাব! সবাই যে আমাকে নিয়ে উপহাস করছে। যেখানে যাচ্ছি “এই যে জজ সাহেব” বলে হাসি-ঠাট্টা করছে। বিনা দোষে মানুষের এই আচমকা অবমূল্যায়ন, আমি যে সইতে পারছি না। কমিশন কেন আমাকে এতটা অবজ্ঞা, অবহেলা আর অপমান উপহার দিল।’কথাগুলো বলছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১৪তম ব্যাচের ছাত্র ভুক্তভোগী সাইফুর রহমান। বিজেএসসির ওয়েবসাইটে প্রকাশিত পঞ্চম বাংলাদেশ জুডিশিয়াল পরীক্ষা, ২০১০-এ সাময়িকভাবে উত্তীর্ণ পরীক্ষার্থীদের প্রথম তালিকায় তাঁর রোল নম্বরটি থাকলেও দ্বিতীয় তালিকায় নেই। তালিকা দুটি পর্যবেক্ষণ করে দেখা গেছে, স্মারক নম্বর, প্রকাশনার তারিখ, প্রকাশকারী পরীক্ষা নিয়ন্ত্রকের নামসহ দুটি তালিকাই প্রায় অবিকল। পার্থক্য কেবল কয়েকটি জায়গায়। দ্বিতীয় তালিকায় প্রথম তালিকার দুটি রোল নম্বর (০১২১ ও ১৯০৭) নেই। সেখানে স্থান পায় নতুন তিনটি নম্বর—০৫৭২, ১০৩৮ ও ২৯৯৮। প্রথম তালিকার ‘উত্তীর্ণ ও মনোনীত ১১৯ (এক শ উনিশ) জন’ এবং ‘মোট ১১৯ জন’-এর জায়গায় দ্বিতীয় তালিকায় যথাক্রমে ‘উত্তীর্ণ ও মনোনীত ১২০ (এক শ বিশ) জন’ এবং ‘মোট ১২০ জন’। দ্বিতীয় তালিকায় পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষর থাকলেও প্রথম তালিকায় নেই। এ নিয়ে পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাই বিভ্রান্ত। ভুক্তভোগী, তাঁদের পরিবারসহ সংশ্লিষ্ট সবার বক্তব্য হলো, কোন তালিকা সত্য, প্রথমটি নাকি দ্বিতীয়টি? প্রথমটি যদি মিথ্যা বা ভুলই হবে, তবে সহকারী জজ নিয়োগ পরীক্ষার মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পরীক্ষায় এ রকম ভুলের দায় কে নেবে? এ বিষয়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব ফরিদ আহমেদ এ প্রতিবেদককে বলেন, ‘হ্যাঁ, আমরাও খবর পেয়েছি, ওয়েবসাইটে একটা অননুমোদিত ও স্বাক্ষরবিহীন ফলাফলের তালিকা প্রকাশিত হয়েছে। যতটুকু জেনেছি, ১১ সেপ্টেম্বর কমিশনের সভা শেষ হওয়ার আগে ওটা প্রকাশিত হয়েছে। অনুমান করছি, এটা হয় আমাদের ওয়েব মাস্টারের ভুলে হয়েছে অথবা কেউ ওয়েবসাইট হ্যাক করেছে। এটা সরকারি ওয়েবসাইট। যে কেউ হ্যাক করতে পারে। তারপরও বিষয়টি আমরা তদন্ত করছি। ওয়েব মাস্টারকে ঘটনার কারণ দর্শাতে বলেছি। তিনি বর্তমানে (বুধবারে) ঢাকার বাইরে আছেন। তাঁর জবাব পেলে বিষয়টি আরও ভালোভাবে ব্যাখ্যা করতে পারব। আমাদের কাছে এ পর্যন্ত দুজন পরীক্ষার্থীর অভিযোগ এসেছে। সেগুলোও আমরা খতিয়ে দেখছি। এখানে কোনো দুর্নীতি বা স্বজনপ্রীতির ঘটনা ঘটেনি।’ লক্ষণীয় বিষয় হলো, বিজেএসসির ওয়েবসাইটে ‘নিউজ অ্যান্ড ইভেন্ট’ এবং ‘নোটিশ বোর্ড’ ফোল্ডারে এখন বিভিন্ন প্রকৃতির আটটি নোটিশ দেখা যায়, যার প্রায় প্রতিটির নোটিশদাতা পরীক্ষা নিয়ন্ত্রক। কিন্তু আটটি নোটিশের ছয়টিতেই পরীক্ষা নিয়ন্ত্রক তথা নোটিশদাতার স্বাক্ষর নেই।