সহকারী জজ পদে পরীক্ষার প্রস্তুতি
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন ৭৭ জন সহকারী জজ নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। প্রক্রিয়াটি সম্পন্ন হবে সপ্তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার মাধ্যমে। এক্ষেত্রে প্রার্থীদের কয়েকটি ধাপে প্রাথমিক পরীক্ষা (প্রিলিমিনারি), লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষায় অংশ নিতে হবে। আইন বিষয়ে ডিগ্রিধারীদের মধ্যে যাঁরা বিচারক হতে চান, তাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজেদের মেধা ও যোগ্যতার প্রমাণদিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর একটা চেষ্টা করে দেখতে পারেন।কারণ, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সরাসরি সহকারী জজ নিয়োগের প্রক্রিয়া শুরু করায় তেমনি একটি সুযোগ তৈরি হয়েছে।তা কাজে লাগাতে হলে আগ্রহীদের অংশ নিতে হবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায়। এটি হবে সপ্তম বিজেএস পরীক্ষা।যেটির মাধ্যমে নেওয়া হবে ৭৭ জন সহকারী জজ, তবে পদসংখ্যা কমবেশিও হতে পারে। ২৩ আগস্ট থেকে আবেদনপত্র বিতরণ শুরু হয়েছে, চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আবেদন ফরম জমাদানের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর বিকেল পাঁচটা। বিজেএস পরীক্ষার তথ্য, নির্দেশনাসহ আরও বিস্তারিত জানা যাবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের www.jscbd.org.bd ওয়েবসাইটে।পত্রপত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের মাধ্যমে পরীক্ষার সময়সূচি জানানো হবে।কয়েক ধাপের পরীক্ষা: বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস সাধারণত বেশ কয়েকটি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সহকারী জজ নিয়োগ-প্রক্রিয়া সম্পন্ন করে থাকে। প্রাথমিক পরীক্ষা (প্রিলিমিনারি) হচ্ছে এর প্রথম ধাপ। এরপর লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষায় অংশ নিতে হবে প্রার্থীদের। মনে রাখতে হবে, কেবল একটি পরীক্ষায় উত্তীর্ণ হলেই পরের ধাপের প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে।আর প্রতিটি পরীক্ষায় রয়েছে ন্যূনতম পাস নম্বর, যা পেলেই প্রার্থী উত্তীর্ণ হয়েছেন বলে ধরা হবে। প্রাথমিক পরীক্ষা (প্রিলিমিনারি): আবেদন ফরম যাচাই-বাছাই করে প্রাথমিক পরীক্ষার জন্য প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হবে। এই পর্বে ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এতে সাধারণ বাংলা, সাধারণ ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়সমূহ, গণিত ও দৈনন্দিন বিজ্ঞান এবং আইন বিষয়ে বহুমুখী নির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) থাকবে। পরীক্ষার সময় এক ঘণ্টা। এ পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হচ্ছে ৫৫।আইন কমিশনের গবেষণা কর্মকর্তা উম্মে সরাবন তহুরা বিজেএস পরীক্ষায় তাঁর উত্তীর্ণ হওয়ার অভিজ্ঞতার আলোকে বলেন, প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন খুব সাধারণ ধরনের হয়ে থাকে। এখানে মূলত প্রার্থীর বিষয়ভিত্তিক জ্ঞানটা যাচাই হয়।লিখিত পরীক্ষা: বিজেএস প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণরা সুযোগ পাবেন লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার। পরীক্ষাটি হবে ১০০০ নম্বরের। এই পর্যায়ে থাকবে তিন ক্যাটাগরির বিষয়। সেগুলো হচ্ছে: আবশ্যিক সাধারণ বিষয়, আবশ্যিক আইন বিষয় ও ঐচ্ছিক আইন বিষয়। লিখিত পরীক্ষার বিষয়সমূহে গড় পাস নম্বর শতকরা ৫০। তবে লিখিত পরীক্ষায় কোনো বিষয়ে কোনো প্রার্থী ৩০ শতাংশের কম নম্বর পেলে, তিনি কোনো নম্বর পাননি বলে ধরা হবে। প্রতিটি বিষয়ের পরীক্ষা হবে তিন ঘণ্টা। আবশ্যিক সাধারণ বিষয়: আবশ্যিক সাধারণ বিষয় হচ্ছে চারটি। বিষয়গুলো হলো: সাধারণ বাংলা, সাধারণ ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় এবং প্রাথমিক গণিত ও দৈনন্দিন বিজ্ঞান। প্রতিটি বিষয় থেকে ১০০ নম্বরের প্রশ্ন হবে। চারটি বিষয়ের জন্য মোট নম্বর ৪০০। আবশ্যিক আইন বিষয়: আবশ্যিক আইন বিষয়ে মোট নম্বর ৪০০। চারটি বিষয়ের ওপর পরীক্ষা হবে। বিষয়গুলো হচ্ছে: দেওয়ানি মামলাসংক্রান্ত আইন, অপরাধ আইন, পারিবারিক সম্পর্কবিষয়ক আইন ও সাংবিধানিক আইন এবং আইনের ব্যাখ্যা। তিন ঘণ্টাব্যাপী প্রতিটি বিষয়ের জন্য ১০০ নম্বর। ঐচ্ছিক বিষয়: একজন প্রার্থীকে মোট ২০০ নম্বরের ঐচ্ছিক পরীক্ষায় অংশ নিতে হবে।এ ক্ষেত্রে একজন প্রার্থীকে ছয়টি বিষয় থেকে দুটি বেছে নিতে হবে। বিষয়গুলো হচ্ছে: দেওয়ানি আদালত, কোর্ট ফি ও মোকদ্দমার মূল্যমান, তামাদি, স্ট্যাম্প এবং সরকারি পাওনা আদায়সংক্রান্ত আইন; স্থাবর, অস্থাবর ও বুদ্ধিবৃত্তি সম্পত্তি হস্তান্তর, নিবন্ধন ও সংরক্ষণসংক্রান্ত আইন; ভূমি, অর্পিত সম্পত্তি ও স্থাবর সম্পত্তি অধিগ্রহণসংক্রান্ত আইন; বাণিজ্য ও শিল্প আইন; চুক্তি ও টর্ট-সংক্রান্ত ধারণা, আইন এবং বিকল্প বিরোধ নিষ্পত্তির ধারণা, আইন ও আইনগত সহায়তা প্রদানসংক্রান্ত আইন। মৌখিক পরীক্ষা: মৌখিক পরীক্ষার জন্য মোট ১০০ নম্বর নির্ধারিত থাকে। লিখিত পরীক্ষায় কৃতকার্য প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। ঢাকার সিএমএম আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হক বলেন, ‘সহকারী জজ পদের মৌখিক পরীক্ষাটা অত্যন্ত সংক্ষিপ্ত হয়। তাই প্রার্থীকে প্রতিটি প্রশ্নের উত্তরে অত্যন্ত বিচক্ষণ ও কৌশলী হতে হয়। প্রশ্নের বাইরে যাওয়া ঠিক নয়। ম্যাজিস্ট্রেট আরও জানান, মৌখিক পরীক্ষায় একটি মামলার শুরু থেকে শেষ কীভাবে হয় এবং উচ্চ আদালতের বিভিন্ন আইন ও নিম্ন আদালতের আইনের নানা খুঁটিনাটি জানতে চাওয়া হয়। তবে সব ধরনের প্রশ্নের মাধ্যমে প্রার্থীর আইনসম্পর্কিত জ্ঞান, সাধারণ জ্ঞান, বুদ্ধিমত্তা, হাতের লেখার স্পষ্টতা, মানসিক সতর্কতা, মানসিক শক্তি, চারিত্রিক দৃঢ়তা, বাচনভঙ্গি, নেতৃত্ব প্রদানের ক্ষমতা এবং ব্যক্তিত্বের অন্যান্য দিক মূল্যায়ন করা হয়। এ ছাড়া তাঁর পাঠ্যক্রমবহির্ভূত ক্রিয়াকলাপ, যেমন—খেলাধুলা, বিতর্ক এবং শখের বিষয়টিও বাদ যাবে না।এই পর্যায়ে আপনার প্রয়োজনীয় কাগজপত্রও দেখা হবে। কোনো প্রার্থী মৌখিক পরীক্ষায় ৫০ নম্বরের কম পেলে উত্তীর্ণ হবেন না। স্বাস্থ্য পরীক্ষা: লিখিত ও মৌখিক পরীক্ষায় কৃতকার্য প্রার্থীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃক গঠিত চিকিৎসা বোর্ড অথবা মনোনীত কোনো চিকিৎসা কর্মকর্তার সম্মুখীন হতে হবে। স্বাস্থ্য পরীক্ষায় প্রার্থীর ওজন, উচ্চতা, দৃষ্টিশক্তি ও শারীরিক সক্ষমতা পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এ সময় তিনি কোনো সংক্রামক রোগে আক্রান্ত নন, এ মর্মে কোনো মেডিকেল অফিসারের দেওয়া সনদ উপস্থাপন করবেন। তবে স্বাস্থ্য পরীক্ষার সফল সমাপ্তি কোনো প্রার্থীকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের চাকরির নিশ্চয়তা দেয় না বলে সচিবালয়সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।যাঁরা আবেদন করেছেন বা করবেন, তাঁদের তীব্র প্রতিযোগিতামূলক এই পরীক্ষার জন্য ব্যাপক প্রস্তুতি নিতে হবে। আর সেটি শুরু করতে হবে এখনই।