বাংলাদেশ জামায়াতে ইসলামীর সীতাকুণ্ড থানার এক নেতা চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে একটি কেন্দ্রের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন। নির্বাচন কমিশন গত সপ্তাহে ২৩৭ নম্বর কেন্দ্রের (ভেলুয়ার দীঘি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে) সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে তাঁকে নিয়োগের চিঠি দেয়। রাজনৈতিক পরিচয় গোপন করে তিনি এ নিয়োগ নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।জানা গেছে, ওই জামায়াত নেতার নাম শফিকুল মাওলা। তিনি সীতাকুণ্ড থানা জামায়াতের আমির। ওই আসন থেকে তিনি দুবার জামায়াত থেকে সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। নির্বাচন কমিশন সূত্র জানায়, শফিকুল মাওলাকে সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট কলেজিয়েট স্কুলের সহকারী শিক্ষক হিসেবে নির্বাচনী কাজে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়। তখন তিনি তাঁর রাজনৈতিক পরিচয় গোপন রাখেন। শনিবার নগরের খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়ে কমিশন আয়োজিত নির্বাচনী কর্মকর্তার প্রশিক্ষণও তিনি নিয়েছেন। শফিকুল মাওলা নির্বাচনী কর্মকর্তা হিসেবে নির্বাচন কমিশনের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘আমি যে জামায়াত নেতা, তা সবাই জানে। জেনেশুনেই কমিশন শিক্ষক হিসেবে আমাকে এ দায়িত্ব দিয়েছে। অতীতে আমি কখনো নির্বাচনী কর্মকর্তার দায়িত্ব পালন করিনি। কারণ, আমার এলাকায় আমি দুবার সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী ছিলাম।’ দলীয় সূত্র জানায়, দলের থানা শাখার প্রধান হিসেবে শফিকুল মাওলা ১৯৯১ এবং ১৯৯৬ সালে দুই দফা জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সীতাকুণ্ড (চট্টগ্রাম-২) আসন থেকে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে তিনি কোনো নির্বাচনে জিততে পারেননি। সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্ব পাওয়ার আগে তিনি এসব রাজনৈতিক পরিচয় গোপন করেন।রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলী প্রথম আলোকে বলেন, ‘কেউ একজন শফিকুল মাওলার ব্যাপারে আপত্তি দিয়ে গেছে। রাজনৈতিক সম্পৃক্ততার উপযুক্ত প্রমাণ পেলে আমরা তাঁকে পরিবর্তন করে দেব।’ তিনি বলেন, ‘আমরা সব কিছু ঠিকঠাক করেছি। শেষ মুহূর্তে কারও মুখের কথায় সেটা তো আর পাল্টাতে পারি না।’ রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘১৬ হাজার ৭১৫ জন কর্মকর্তার সবাইকে চেনা আমাদের পক্ষে সম্ভব নয়। সবার দেখার জন্য নির্বাচনী কর্মকর্তাদের নামের তালিকা আমরা ঝুলিয়ে দিয়েছিলাম। তখন তো কেউ আপত্তি জানায় নি।’