সহকারী বেঞ্চ কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণীর মর্যাদার বিষয়ে হাইকোর্টের রুল
মহানগর হাকিম আদালতের সহকারী বেঞ্চ কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণীর মর্যাদা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। ঢাকার মুখ্য হাকিম আদালতের সহকারী বেঞ্চ কর্মকর্তাদের এক আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত ২৬ আগস্ট সরকারের প্রতি রুল জারি করেন। হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি সৈয়দ আফসার জাহানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আইন, বিচার সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার, ঢাকার মহানগর দায়রা জজ ও ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের ওপর রুল জারি করা হয়েছে। ছয় সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের সহকারী বেঞ্চ কর্মকর্তাদের পক্ষে রিট আবেদন করেন আনোয়ারুল হক। তিনি ‘আইন অধিকার’কে বলেন, খাদ্য পরিদর্শকের সমমর্যাদা অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর মর্যাদা চেয়ে রিট আবেদন করেছেন। আবেদনকারী হাকিম আদালতের সহকারী বেঞ্চ কর্মকর্তা হিসেবে ২০০৮ সালের ১০ জুলাই কাজে যোগদান করেন। একই শিক্ষাগত যোগ্যতায় খাদ্য পরিদর্শকদের পদমর্যাদার সাথে বৈষম্য করা হয়েছে বলে তিনি জানান। রিট আবেদনকারী তৃতীয় শ্রেণীভুক্ত পদ অর্থাৎ ১৫তম গ্রেডের অধিকারী। কিন্তু একই যোগ্যতার খাদ্য পরিদর্শক পদটিকে দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দেওয়া হয়েছে; যার দরুন রিট আবেদনকারীরা মৌলিক অধিকার ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেছেন। আদালত সরকারকে ছয় সপ্তাহের মধ্যে জবাব দিতে বলেছেন।