সহজে রক্তপরীক্ষার যন্ত্র এমচিপ
রক্তপরীক্ষার জন্য কম দামে ও সহজে বহনযোগ্য যন্ত্র এমচিপ। বিশ্বের প্রত্যন্ত অঞ্চলগুলোতে এমচিপের সাহায্যে মাত্র কয়েক মিনিটের মধ্যেই যেকোনো সংক্রমিত রোগ ধরা পড়বে। আকারে এটি একটি ক্রেডিট কার্ডের মতো। নেচার মেডিসিন জার্নালের একটি সমীক্ষায় এ তথ্য জানা গেছে।এমচিপের সাহায্যে খুব সহজেই এইচআইভি ও সিফিলিসের মতো রোগ নির্ণয় করা সম্ভব। রুয়ান্ডায় যন্ত্রটির সাহায্যে এই সমীক্ষা চালানো হয়েছে। দেখা গেছে, যন্ত্রটির সাহায্যে ১০০ ভাগ নির্ভুল ফলাফল পাওয়া যায়। এমচিপের মূল্য মাত্র এক ডলার। ফলে চিকিত্সাকেন্দ্রে রক্তপরীক্ষার চেয়ে এই যন্ত্রের সাহায্যে রক্তপরীক্ষা করতে ব্যয় অনেক কম পড়বে। কেবল একবার রক্ত নিলেই এমচিপের সাহায্যে সব ধরনের রোগ নির্ণয় করা সম্ভব। খালি চোখেই পরীক্ষার ফলাফল দেখা যায় এমচিপে।নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্যামুয়েল সিয়া বলেন, আগে যেখানে রোগীদের চিকিত্সাকেন্দ্রে বা ক্লিনিকে গিয়ে রক্ত দিতে হতো এবং তারপর পরীক্ষাকেন্দ্রে যেতে হতো, সেখানে এখন এ যন্ত্রের সাহায্যে ঘরে বসেই রক্তপরীক্ষা করা যাবে। রুয়ান্ডার কিগালিতে শতাধিক ব্যক্তির ওপর এই পরীক্ষা চালানো হয়েছে। এতে দেখা গেছে, যন্ত্রটির সাহায্যে এইচআইভি ৯৫ শতাংশ সঠিক ও সিফিলিস ৭৫ শতাংশ সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হয়েছে। গবেষকেরা মনে করছেন, এমচিপের সাহায্যে খুব সহজেই আফ্রিকার মতো দেশগুলোতে গর্ভবর্তী নারীদের যৌন সংক্রমণ বা রোগ শনাক্ত করা সম্ভব হবে। এই যন্ত্রের সাহায্যে প্রোস্টেট ক্যানসারের রোগও নির্ণয় করা যায়। বিবিসি।