সহজেই ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করা যাবে: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী অর্থবছরে জাতীয় উত্পাদনে প্রবৃদ্ধির হার সাত শতাংশ অর্জন করা খুবই সহজ হবে। তিনি আরও বলেছেন, প্রস্তাবিত বাজেটের আকার খুব বেশি বড় নয়। অর্থমন্ত্রী আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন। বিদেশে বাংলাদেশের বাণিজ্য ও শ্রম মিশনগুলোতে জনবলের অভাব কীভাবে দূর করা যায় এবং জনবল বাড়ালে অর্থের সংস্থান কীভাবে হবে—এসব ব্যাপারে অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে অর্থমন্ত্রী আজ বৈঠক করেন। বৈঠকে সিদ্ধান্ত হয় বাইরের মিশনগুলোতে এখনই কোনো জনবল নিয়োগ দেওয়া হবে না। এর প্রধান কারণ, বাজেটে প্রয়োজনের তুলনায় কম বরাদ্দ রয়েছে। বৈঠকের পর অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত প্রতিবেদনে অর্থমন্ত্রী বলেন, তাঁর প্রথম বাজেটে মন্দার হার ছিল পাঁচ শতাংশ। দ্বিতীয় বাজেটেও মন্দার হার একই ছিল। আর এবারের বাজেটেও মন্দার হার পাঁচ শতাংশ। তিনি কর দেওয়ার ওপর জোর দিয়ে বলেন, কর না দিলে দেশের গুরুত্বপূর্ণ নাগরিকদের লজ্জা হওয়া উচিত।