সহপাঠীর পক্ষ নেওয়ায় খুন হয় সৌমেন, নেপথ্যে মেয়েঘটিত বিষয়
চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ছাত্র সৌমেন বিশ্বাস ওরফে অনিকের হত্যাকারী দুই ছাত্রকে শনাক্ত করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে। তবে গতকাল বুধবার রাত পর্যন্ত এদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের ওই দুই ছাত্রের নেতৃত্বে সৌমেনকে হত্যা করা হয়। মেয়েঘটিত বিষয়ে সহপাঠী বন্ধুর পক্ষ নেওয়ায় সৌমেনকে হত্যা করা হয় বলে পুলিশ নিশ্চিত হয়েছে।পুলিশ সূত্র জানায়, কলেজিয়েট স্কুল নাকি চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয় সেরা—এই বিতর্ক নিয়ে ওই দিনের ঘটনার সূত্রপাত। তবে এ হত্যাকাণ্ডের নেপথ্যে মেয়েঘটিত বিষয় ছিল। হত্যাকাণ্ডের অনেক আগ থেকেই কলেজিয়েট স্কুল ও চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্রদের মধ্যে দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। নগরের রহমতগঞ্জের একটি কোচিং সেন্টারে কলেজিয়েট ও চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী কোচিং করে। একই কোচিং সেন্টারে ডা. খাস্তগীর উচ্চবিদ্যালয়ের মেয়েরাও কোচিং করে। নাম প্রকাশ না করার শর্তে একজন অভিভাবক প্রথম আলোকে বলেন, গত শনিবার কলেজিয়েট স্কুলের শুভ নামের এক ছাত্রকে চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের আরেক ছাত্র মারধর করে। তারা দুজনই ডা. খাস্তগীর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে পছন্দ করে। এ কারণে দুই ছাত্রের মধ্যে বিরোধ ছিল। এ বিরোধের কারণে কলেজিয়েট ও চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভক্ত হয়ে পড়ে। ওই অভিভাবক আরও জানান, শনিবারের ঘটনার জের ধরে সৌমেন তাঁর সহপাঠী শুভর পক্ষে অবস্থান নেয়। এ নিয়ে সৌমেনের সঙ্গে চট্টগ্রাম সরকারি স্কুলের ওই ছাত্রের বাগিবতণ্ডা হয়। ফোনে হুমকি-ধমকির ঘটনা ঘটে। গত সোমবার সন্ধ্যার দিকে সৌমেনকে ছুরিকাঘাত করে চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্ররা।পুলিশ সূত্র জানায়, চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের এক ছাত্র গা-ঢাকা দিয়েছে। পুলিশ অবশ্য হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত দুই ছাত্রের বাড়ির ঠিকানা সংগ্রহ করেছে। গতকাল সন্ধ্যায় আত্মগোপনে থাকা এক ছাত্রের চান্দগাঁও এলাকার বাসায় যোগাযোগ করা হলে তার মা ফোন ধরেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘গত বৃহস্পতিবার আমার ছেলে ঢাকায় গেছে।’ এরপর তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সাফায়েত হোসেন হত্যাকারী দুই ছাত্রের ঠিকানা সংগ্রহের কথা নিশ্চিত করে বলেন, ‘সেরা স্কুল নিয়ে বিতর্ক ছাড়াও মেয়েঘটিত বিষয় এর সঙ্গে যুক্ত হয়েছে। এ কারণে সৌমেনকে খুন করে চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা হত্যাকাণ্ডে নেতৃত্ব দেওয়া দুই ছাত্রকে ধরতে অভিযান শুরু করেছি।’ মামলা: সৌমেনের মা গত মঙ্গলবার রাতে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে।